হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, আপডেট ১৮:৫৫

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক। আজ শুক্রবার সকাল সাড়ে ৮ থেকে সাড়ে ১০ পর্যন্ত উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হবিগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামের বিএনপি নেতা আক্তার মিয়া ও আওয়ামী লীগ নেতা শাজাহান মিয়া ওরফে শাজাহান মেম্বারের লোকজনের মধ্যে বিরোধ চলছিল। গত ২২ এপ্রিল (মঙ্গলবার) শাজাহান মেম্বার তার পক্ষের একজনের পারিবারিক ঝগড়া মেটাতে যান। সেখানে শাজাহান মেম্বারের লোকজন আক্তার মিয়ার পক্ষের একজনকে মারধর করে।

এ নিয়ে গত দুইদিন ধরে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো। এরই জের ধরে আজ সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হন। গুরুতর আহত অবস্থায় মনু মিয়া (৫০), নিহাদ (২০), ইসরাত (২৭), শফিক মিয়া (৫৫), আবু সাঈদ (৩৫), তসকির মিয়া (৩০), সাদ্দাম (৩০), মরিয়ম আক্তার (৪৩), জবেদা (৩৫), মাছুম (১৮), শাহিন (২৮), সাব্বির (১৮), জমিলা খাতুন (৪৮), আলি নুর (৬০), ওয়াহিদুরকে (২৭) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ।

এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাছান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading