একের পর এক হারে সতীর্থদের দিকে আঙুল তুললেন ধোনি

একের পর এক হারে সতীর্থদের দিকে আঙুল তুললেন ধোনি

উত্তরদক্ষিণ। শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, আপডেট ১২:৪০

আইপিএলের চলতি আসরে খুব বাজে সময় কাটছে চেন্নাই সুপার কিংসের। একের পর এক হারে টেবিলের তলানিতে অবস্থান করছে ফ্র্যাঞ্চাইজিটি। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে হারের পর সতীর্থদের দিকে আঙুল তোলেন মহেন্দ্র সিং ধোনি।

আইপিএলের চলতি আসরে শুক্রবার নিজেদের নবম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৫ উইকেটের ব্যবধানে হেরেছে চেন্নাই। সব মিলিয়ে আসরে ৯ ম্যাচ খেলে ৭টিতেই হেরেছে তারা। ১০ দলের মধ্যে তাদের অবস্থান সবার নিচে। দলের এমন ব্যর্থতার জন্য সতীর্থদের দিকেই আঙুল তুললেন ধোনি।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে ধোনি বলেন, ‘এমন একটা প্রতিযোগিতায় দু’একটা সমস্যা থাকলে, সেটা সামলে নেওয়া যায়। কিন্তু বেশির ভাগ ক্রিকেটার যদি খেলতে না পারে, তা হলে বড় সমস্যা তৈরি হয়। কিছু কিছু জায়গায় বদল করা সম্ভব। সবাই ভালো খেললে বাকিদের দেখে নেওয়ার সুযোগও থাকে। তাতে কাজ না হলেও অসুবিধা হয় না। কিন্তু একই সঙ্গে চার জন ক্রিকেটার ব্যর্থ হলে সমস্যা হয়। তখন দলে বদল করতেই হয়।’

ঘরের মাঠে হায়দরাবাদের বিপক্ষে ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৫৪ রান তুলেছিল চেন্নাই। আয়ুষ মাত্রের ১৯ বলে ৩০ আর ডেওয়াল্ড ব্রেভিসের ২৫ বলে ৪২ রানের ইনিংস ছাড়া বাকিদের কেউ দ্যুতি ছড়াতে পারেননি। বদলে যাওয়া আইপিএলে এমন পুঁজি নিয়ে যে জয় তোলা সম্ভব নয়, সেটি মনে করিয়ে দিলেন ধোনি।

তিনি বলেন, ‘আমরা পর পর উইকেট হারিয়েছি। প্রথম ইনিংসে ১৫৫ রান কখনও যথেষ্ট নয়। বল খুব বেশি ঘুরছিল না। পিচ থেকে পেসারেরাও খুব বেশি সাহায্য পাচ্ছিল না। আরও রান করা উচিত ছিল। খুব বেশি রান করতে পারছি না আমরা। খেলার ধরন পাল্টে গিয়েছে। বলছি না প্রতি ম্যাচে ১৮০ বা ২০০ রান করতে হবে, কিন্তু পরিস্থিতি বুঝে লড়াই করার মতো একটা রান তো করতেই হবে।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading