পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে বিশ্বনেতাদের পাশাপাশি সাধারণ মানুষের ঢল

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে বিশ্বনেতাদের পাশাপাশি সাধারণ মানুষের ঢল

উত্তরদক্ষিণ। শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, আপডেট ১৭:০৫

রোমান ক্যাথলিক খ্রিস্টানদের প্রয়াত ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠান রোমের সেন্ট পিটার্স স্কয়ারে শনিবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিবিসির প্রতিবেদন মতে, স্থানীয় সময় সকাল থেকেই ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জার সামনের চত্বরে এই রাষ্ট্রীয় মর্যাদাপূর্ণ আনুষ্ঠানিকতা শুরু হয়। শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেয়ার জন্য আসতে শুরু করেছেন বিশ্বনেতারা। এরই মধ্যে ভ্যাটিকানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও রাজপরিবারের সদস্যরা।

এর মধ্যে আছেন ব্রিটিশ যুবরাজ প্রিন্স উইলিয়াম, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ ও রানি লেতিজিয়া ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
 
অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, সুইডেনের রাজা কার্ল গুস্তাফ ও রানি সিলিভিয়া এবং নরওয়ের যুবরাজ হাকন এবং যুবরাজ্ঞী মেত্তে-মেরিট। দায়িত্ব নেয়ার পর প্রথম বিদেশ সফরে রোমে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। 
  
সেন্ট পিটার্স স্কয়ারে আরও অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিরাও উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এর মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন, ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলে রয়েছেন।  
 
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোমে পৌঁছেছেন। তিনি তার স্ত্রী ওলেনা জেলেনস্কা এবং একটি ইউক্রেনীয় প্রতিনিধিদল নিয়ে শেষকৃত্যে যোগ দিয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সস্পিলনকে এ তথ্য জানিয়েছে প্রেসিডেন্টের মুখপাত্র।
 
বিশ্বনেতাদের পাশাপাশি শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দিয়েছেন ক্যাথলিক ধর্মানুসারি থেকে শুরু করে শোকাহত হাজারো মানুষ।
 
গত বুধবার (২৩ এপ্রিল) সকালে পোপ ফ্রান্সিসের মরদেহ সেন্ট পিটার্স বাসিলিকায় আনা হয় এবং শুক্রবার সন্ধ্যায় জনসাধারণের জন্য প্রদর্শন শেষ হয়। ওইদিন ব্যাসিলিকা পুরো রাত খোলা খোলা রাখা হয়েছিল যাতে ভক্তরা দেখতে পারেন। এই তিনদিনে দুই লাখ পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ শেষ শ্রদ্ধা জানিয়েছে বলে ভ্যাটিকান এক বিবৃতিতে জানিয়েছে। 

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading