মধ্যবিত্তের জন্য হাইব্রিড গাড়িতে শুল্ক কমানোর সুপারিশ বারভিডার

মধ্যবিত্তের জন্য হাইব্রিড গাড়িতে শুল্ক কমানোর সুপারিশ বারভিডার

উত্তরদক্ষিণ। রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, আপডেট ০৯:০০

মধ্যবিত্ত শ্রেণির নাগালের মধ্যে হাইব্রিড গাড়ি আমদানিতে সম্পূরক শুল্ক কমানোর সুপারিশ করেছে বাংলাদেশ রিকন্ডিশন্ড গাড়ি আমদানিকারক ও ডিলার সমিতি (বারভিডা)।

গতকাল শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সুপারিশ তুলে ধরেন বারভিডার সভাপতি আবদুল হক।

বারভিডার সভাপতি বলেন, মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ায় গত কয়েক বছরে দেশে রিকন্ডিশন্ড গাড়ির আমদানি ও বিক্রয় লক্ষণীয় হারে কমেছে। বর্তমানে হাইব্রিড গাড়ির সিলিন্ডার ক্যাপাসিটির ওপর নির্ভর করে ২০ থেকে ৩৫০ শতাংশ পর্যন্ত সম্পূরক শুল্ক আরোপ করা হয়। তবে বারভিডা এই শুল্ক কত শতাংশ কমানো উচিত, সে বিষয়ে নির্দিষ্ট কোনো হার প্রস্তাব করেনি।

সংগঠনটি মাইক্রোবাস আমদানির ওপর সম্পূরক শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহারেরও সুপারিশ করেছে। বর্তমানে ১৮০১ সিসির বেশি মাইক্রোবাস আমদানিতে ৩০ থেকে ৬০ শতাংশ সম্পূরক শুল্ক প্রযোজ্য।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অ্যাম্বুলেন্স জীবন রক্ষাকারী বাহন হলেও, এর আমদানিতে বর্তমানে শুল্কের পাশাপাশি ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হয়। বারভিডা এই ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে।

এছাড়া দেশে ইলেকট্রিক, হাইব্রিড, প্ল্যাগ-ইন হাইব্রিড এবং হাইড্রোজেনচালিত গাড়ি আমদানি ও ব্যবহারের জন্য একটি গ্রহণযোগ্য ও সুসংগঠিত নীতিমালা প্রণয়নেরও আহ্বান জানিয়েছে।

পাশাপাশি নতুন ও পুরোনো গাড়ির শুল্কায়নে এবং নিবন্ধন ফি নির্ধারণে বিদ্যমান বৈষম্য দূর করার দাবি করেছে বারভিডা।

সংগঠনের তথ্য অনুযায়ী, বর্তমানে সিসিভিত্তিক পদ্ধতিতে রিকন্ডিশন্ড গাড়ির নিবন্ধন ফি নতুন গাড়ির তুলনায় ২৭ হাজার ৫০৮ টাকা থেকে ৫৩ হাজার ৯৫৮ টাকা পর্যন্ত বেশি নির্ধারিত। বারভিডার নেতারা আশা প্রকাশ করেন, আসন্ন বাজেটে এসব সুপারিশ বিবেচনায় নিলে সাধারণ মানুষের জন্য গাড়ি ক্রয় সহজ হবে এবং সার্বিকভাবে বাজারে গতিশীলতা ফিরবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading