১৯ দিন পর কারামুক্ত মডেল মেঘনা আলম
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (২৯ এপ্রিল), ২০২৫, আপডেট ২৩:৩০
প্রতারণা ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মেঘনা আলম ১৯ দিন কারাভোগের পর ছাড়া পেয়েছেন।
আলোচিত এ মডেল জামিন পাওয়ার পরদিন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন।
তার আইনজীবী তাহমীম মহিমা বাঁধন কারামুক্তির তথ্য দিয়ে বলেন, বিকালে মেঘনার জামিননামা কারাগারে পৌঁছায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন। তার বাবাসহ অন্যান্য আত্মীয়-স্বজন সেখানে উপস্থিত ছিলেন।
গত ১০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়ে মিস আর্থ বাংলাদেশ ২০২০ বিজয়ী মডেল মেঘনাকে কারাগারে পাঠানো হয়। এর আগের দিন রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মেঘনা আলমকে আটক করে গোয়েন্দা পুলিশের একটি দল।

পরে গত ১৭ এপ্রিল রাজধানীর ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এ মামলায় সোমবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ’র আদালত নারী বিবেচনায় তাকে জামিনের আদেশ দেন।
এর আগে তার ৩০ দিনের আটকাদেশ বাতিল করার তথ্য দেন মেঘনার আইনজীবী বাঁধন। সোমবার জামিনের পর তিনি বলেছিলেন, এতে করে তার মুক্তিতে আর বাধা নেই।
তবে কবে তার আটকাদেশ বাতিল করা হয় সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।
ইউডি/এবি

