বড় পর্দার দর্শকের চোখকে ফাঁকি দেওয়া যায় না: সুনেরাহ্

বড় পর্দার দর্শকের চোখকে ফাঁকি দেওয়া যায় না: সুনেরাহ্

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৫, আপডেট ১০:৫০

ঢালিউড চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল এক যুগ ধরে অভিনয়ের সঙ্গে জড়িত। কাজ করছেন নামজাদা অভিনয় শিল্পী ও পরিচালকাদের সঙ্গে। কাজের স্বীকৃত স্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

এবারের ঈদের সুনেরাহ অভিনীত নতুন সিনেমা ‘দাগি’ নজর কেড়েছে সিনেমাপ্রেমীদের। প্রথমবার বাকপ্রতিবন্ধী চরিত্রে অভিনয় নির্বাক চাহনিতে হল ভর্তি দর্শকদের কখনও কাঁদিয়েছেন, কখনও হাঁসিয়েছেন।‘দাগি’তে লিখন চরিত্রটিকে প্রাণ দিয়েছেন অভিনেত্রী।

সুনেরাহর চরিত্রে ঢোকার পথটাও আলাদা। সারাক্ষণ মহড়া (রিহার্সাল) দেন না; মহড়ার বাইরে চরিত্রটি নিয়ে ভাবেন, হৃদয় দিয়ে ধারণ করার চেষ্টা করেন। সিনেমায় সুনেরাহ্কে বাক্প্রতিবন্ধীদের ইশারা ভাষা চর্চা করতে দেখা গেছে। তবে ভাষাটি তাঁর জানা ছিল না, রপ্ত করতে হয়েছে।

সিনেমা হলে গিয়ে দুবার ‘দাগি’ দেখেছেন সুনেরাহ্। খুব কাছ থেকে দর্শকের প্রতিক্রিয়া লক্ষ করেছেন। হলে বসে দাগি দেখার অভিজ্ঞতা বললেন, ‘আমার চরিত্রটির সঙ্গে দর্শক কমিউনিকেট (যোগাযোগ) করতে পারছেন, অনেক দৃশ্যে হেসেছেন। একবার স্ক্রিনের দিকে তাকিয়েছি, আরেকবার দর্শকের দিকে। শিল্পী হিসেবে দর্শকের প্রতিক্রিয়া সব সময় আমাকে আনন্দিত করে।’

লিখন চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর ভাবতে সময় নেননি সুনেরাহ্। লিখনের জন্যই যেন অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন তিনি, ‘ক্যারিয়ারে এমন কিছু চরিত্র করে যেতে চাই। ফলে ভাবতে সময় নিইনি। চলচ্চিত্রের গল্পটাও দারুণ।’

ছোটপর্দায় দীর্ঘ সময় ধরেই অভিনয় করছেন তিনি। ২০১৯ সালে মুক্তি প্রাপ্ত ‘ন ডরাই’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় অভিনেত্রীর। এ পর্যন্ত হাতে গোনা কয়েকটি চলচ্চিত্রে দেখা গেছে। সিনেমা কম করার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এটা পুরোপুরি চরিত্রের ওপর নির্ভর করে। প্রত্যেক শিল্পীরই কিছু স্ট্র্যাটেজি (কর্মকৌশল) থাকে। আমি যখন অনুভব করি যে চরিত্রটা পর্দায় বিশ্বাসযোগ্য লাগবে, তখনই চরিত্রটি করি।’

তিনি যোগ করেন, ‘আসলে বড় পর্দার দর্শকের চোখকে ফাঁকি দেওয়া যায় না, সবকিছু স্পষ্ট বোঝা যায়। ফলে কোনো চরিত্র বিশ্বাসযোগ্য করাটা জরুরি। সে কারণে আমার কাজের সংখ্যা কম।’

সেখানে দুই পর্দায় কাজ করার প্রশ্নে সুনেরাহ্ জানালেন, বড় পর্দায় কাজ করলে আর ছোট পর্দায় কাজ করা যাবে না, এটা তিনি বিশ্বাস করেন না। তবে কোনো সিনেমা করার সময় এমনিতেই ছোট পর্দায় কাজের ফুরসত মেলে না বলে জানান তিনি।

সুনেরাহ্ বিশ্বাস করেন, জোর করে কোনো কাজ করে লাভ নেই। সিনেমার গল্প, টিমটাও ভালো হওয়া জরুরি। একটা সিনেমা একজনকে দিয়ে হয় না, দলগতভাবে কাজটা গুছিয়ে নিতে হয়।

‘দাগি’ সিনেমায় সুনেরাহ ছাড়াও অভিনয় করেছেন তমা মির্জা, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপুসহ অনেকে। ’দাগি’ সিনেমার গল্প, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন নির্মাতা শিহাব শাহীন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading