মেসি গোল পাননি, চ্যাম্পিয়ন্স কাপ থেকে ইন্টার মিয়ামির বিদায়

মেসি গোল পাননি, চ্যাম্পিয়ন্স কাপ থেকে ইন্টার মিয়ামির বিদায়

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, আপডেট ১৪:৩০

ইন্টার মায়ামির ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচে লিওনেল মেসিদের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া গেল না। বুধবার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল) চেজ স্টেডিয়ামে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের কাছে ৩-১ গোলে হেরে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায় নিয়েছে লিওনেল মেসির দল।

মাঠে ছিলেন বিশ্বকাপজয়ী মেসি, তবুও রাতটা ছিল সেবাস্টিয়ান বারহাল্টারের। এক গোল ও দুই অ্যাসিস্ট করে ম্যাচের নায়ক এই মিডফিল্ডারই। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ভ্যাঙ্কুভার বুঝিয়ে দেয়, তারা এসেছে পরিকল্পনা নিয়ে এবং সেটাই নিখুঁতভাবে বাস্তবায়ন করেছে।

ম্যাচের শুরুটা অবশ্য মায়ামির পক্ষেই ছিল। মাত্র ৯ মিনিটেই জর্দি আলবা গোল করে হেরনদের এগিয়ে দেন। তখন মনে হচ্ছিল কোয়ার্টার ফাইনালে এলএএফসি’র বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তনের মতোই কিছু একটা হতে পারে।

কিন্তু এরপরই গতি বদলায়। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে মায়ামির পক্ষে, তবে বিরতির পর একদম ভিন্ন চেহারায় মাঠে নামে ভ্যাঙ্কুভার। কোচ জেসপার সোরেনসেন ট্যাকটিকসে পরিবর্তন এনে খেলায় ফেরান দলকে। দ্বিতীয়ার্ধে মাত্র দুই মিনিটের ব্যবধানে ব্রায়ান হোয়াইট ও পেদ্রো ভিটের গোল করান বারহাল্টার। তখনই মায়ামির কয়েকজন খেলোয়াড়ের শরীরী ভাষা বলে দিচ্ছিল এই ম্যাচে আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয়, এমনকি মেসিকেও নিয়েও না।

এরপর ৭১ মিনিটে বারহাল্টার নিজেই গোল করে স্কোরলাইন ৩-১ করেন, যা পুরোপুরি গুঁড়িয়ে দেয় মায়ামির প্রতিরোধ। সাম্প্রতিক সময়ে মেসিদের যে কিছু দুর্বলতা ধরা পড়ছিল, এবার সেগুলো স্পষ্টভাবে দেখা গেল ম্যাচে।

এই মৌসুমে মেসি দারুণ খেলছেন, সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৮ গোল ও ২ অ্যাসিস্ট। কিন্তু লুইস সুয়ারেজের গোলখরা ছুঁয়েছে আট ম্যাচে। তাডেও অলেন্দেও যেন গোল ভুলে গেছেন, আর ডিফেন্সের অবস্থা আরও করুণ। লিওনার্দো ক্যাম্পানা, রবার্ট টেইলর ও জুলিয়ান গ্রেসেলের মতো অভিজ্ঞদের ছাড়ার পর দল গঠনে বড় প্রশ্ন উঠে এসেছে কোচ হাভিয়ের মাচেরানোর সামনে।

আগামীতে ক্লাব বিশ্বকাপ খেলবে ইন্টার মায়ামি, তবে এপ্রিলের শেষভাগের পারফরম্যান্স যদি অব্যাহত থাকে, তাহলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading