উত্তেজনার মধ্যে সীমান্তের কাছে পাকিস্তানের সামরিক মহড়া

উত্তেজনার মধ্যে সীমান্তের কাছে পাকিস্তানের সামরিক মহড়া

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (০১ মে), ২০২৫, আপডেট ২৩:১৫

পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনার জেরে ইন্ডিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) সংলগ্ন এলাকায় পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার এই সামরিক মহড়ায় গোলাবর্ষণের অনুশীলনসহ যুদ্ধপ্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

“শত্রুপক্ষের সম্ভাব্য আগ্রাসনের জবাবে সশস্ত্র প্রতিক্রিয়া জানাতে সেনাবাহিনী প্রস্তুত—এমন একটি বার্তা দিতে চেয়েছে ইসলামাবাদ,” লিখেছে পত্রিকাটি।

প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তা এবং সৈন্যরা এ মহড়ায় অংশ নেন। বাহিনীর হাতে থাকা উন্নত যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি ব্যবহার করে কৌশলগত দক্ষতা প্রদর্শন করা হয় সেখানে।

এর আগের দিন বুধবার পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ইন্ডিয়ান বাহিনীর ‘উসকানিমূলক’ গুলির জবাবে কিয়ানি ও ম্যান্ডাল সেক্টরে একটি ইন্ডিয়ান চৌকি ধ্বংস করে দিয়েছে তারা।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, ইন্ডিয়া নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের চাকপুত্রা চৌকিও ধ্বংস করা হয় পাকিস্তানি সেনাবাহিনীর ‘পাল্টা হামলায়’।

গত ২২ এপ্রিল ইন্ডিয়া নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পায়।

এই হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করে আসছে দিল্লি। তবে পাকিস্তান বলে আসছে, ওই অভিযোগের কোনো প্রমাণ ইন্ডিয়া এখনো দেখাতে পারেনি।

ইন্ডিয়া ইতোমধ্যে পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে, পাকিস্তানিদের দেওয়া ভিসা বাতিল করেছে এবং ওয়াঘা-আটারি সীমান্ত বন্ধ করে দিয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading