ভয়াবহ দাবানলে ইসরায়েলে ‘জাতীয় জরুরি অবস্থা’

ভয়াবহ দাবানলে ইসরায়েলে ‘জাতীয় জরুরি অবস্থা’

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (০১ মে), ২০২৫, আপডেট ২০:৩০

এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে জেরুজালেমের আশেপাশের এলাকা। পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটিতে ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় শহরের দিকেও এগোচ্ছে বলে সতর্ক করেছেন তিনি।

বৃহস্পতিবার (০১ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

বুধবার জেরুজালেমের নিকটবর্তী এলাকায় দাবানলের ধোঁয়ায় আকাশ অন্ধকার হয়ে যায়। অগ্নিনির্বাপক বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে তৎপর হলেও পরিস্থিতি উদ্বেগজনক রয়ে গেছে। ইসরায়েলের রেসকিউ সংস্থা মাগেন ডেভিড আদোম (এমডিএ) জানিয়েছে, গত কয়েক বছরের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ দাবানল। এতে শতাধিক বেসামরিক লোকের জীবন হুমকির মুখে।

এমডিএ বলছে, এ পর্যন্ত ২৩ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। যাদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অধিকাংশই শ্বাসকষ্ট ও পোড়া জখম নিয়ে হাসপাতালে রয়েছেন। এদের মধ্যে অন্তঃসত্ত্বা দুই নারী ও এক বছরের কম বয়সী দুই শিশুও রয়েছেন। সংস্থাটি সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

জেরুজালেমের কাছে মোদিইন শহরের পাহাড়ি এলাকায় দাবানলের দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দা ৪০ বছর বয়সী ইউভাল আহারোনি বলেন, এটা খুবই দুঃখজনক। আমরা আবহাওয়ার পূর্বাভাস জানতাম, এটা হওয়ার আশঙ্কা ছিল। তবুও মনে হচ্ছে, তারা পর্যাপ্ত প্রস্তুত ছিল না। বড় বিমান, যা বিপুল পরিমাণ পানি ফেলতে পারে, তা পর্যাপ্ত ছিল না।

নেতানিয়াহু সতর্ক করে বলেন, পশ্চিমা বাতাস সহজেই আগুন জেরুজালেমের উপকণ্ঠে—এমনকি শহরের ভেতরেও পৌঁছে দিতে পারে। আমাদের যতটা সম্ভব অগ্নিনির্বাপক যানবাহন মোতায়েন করতে হবে এবং বর্তমান অগ্নিসীমার বাইরেও প্রতিবন্ধকতা তৈরি করতে হবে। আমরা এখন শুধু স্থানীয় নয়, জাতীয় জরুরি অবস্থার মুখোমুখি। বর্তমান অগ্রাধিকার জেরুজালেমকে রক্ষা করা।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading