সিলেট হয়ে ঢাকায় ফিরবেন খালেদা জিয়া

সিলেট হয়ে ঢাকায় ফিরবেন খালেদা জিয়া

উত্তরদক্ষিণ। শনিবার (০৩ মে), ২০২৫, আপডেট ১৯:৩০

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে সিলেট হয়ে ফিরছেন খালেদা জিয়া। দলের চেয়ারপারসনকে সোমবার ঢাকায় অভ্যর্থনা জানাতে বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

বিমান বাংলাদেশের ফ্লাইটটি (বিজি-২০২) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে উড়াল দেবে রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। সূচি অনুযায়ী পৌনে ১০ ঘণ্টা পর সোমবার সকাল ৯টা ৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা সেটি। সেখানে এক ঘণ্টা বিরতির পর ফ্লাইটটি ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে সকাল ১০টা ৫০ মিনিটে।

চার মাস লন্ডনে চিকিৎসাধীন থাকার পর দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন খালেদা জিয়া। বিমানবন্দরে মাকে বিদায় জানাবেন জ্যেষ্ঠ সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতদিন তার বাসাতেই ছিলেন তিনি।

বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে ঢাকা ও সিলেটে বিএনপি বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও মহানগর রেজাউল হাসান কয়েস লোদী গণমাধ্যমকে বলেন, সিলেটের পূণ্যভূমি হয়ে তিনি আসছেন সেজন্য বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মনে প্রাণ সঞ্চার হয়েছে। নেত্রীর সঙ্গে দেখা হবে কি না সেটা নির্ভর করছে তার অনুমতির ওপর। এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তার ফেরার মুহূর্তকে আরও আনন্দময় করতে সবাইকে বিমানবন্দরের সামনে জড়ো হতে বলা হয়েছে। মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা ওসমানী বিমানবন্দরের বাইরে শান্তিপূর্ণভাবে অবস্থান করে নেত্রীকে শুভেচ্ছা জানাবেন, বলেন তারা।

নেতাদের কোনো প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন কি না জানতে চাইলে কাইয়ুম চৌধুরী বলেন, এখানে নিরাপত্তার ব্যাপার আছে। ম্যাডাম চিকিৎসা শেষে দেশে ফিরছেন তার শারীরিক অবস্থার বিষয়টা আছে। সব মিলিয়ে এখন কিছুই বলা যাচ্ছে না।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading