পাকিস্তান আইএসপিআরের দাবি ইন্ডিয়ার হামলায় নিহত ২৬
উত্তরদক্ষিণ। বুধবার, ০৭ মে, ২০২৫, আপডেট ১৭:১০
পাকিস্তানের আজাদ কাশ্মীরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইন্ডিয়া। মঙ্গলবার মধ্যরাতে চালানো এ হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে এবং ৪৬ জন আহত হয়েছেন বলে দাবি করেছে দেশটি।
বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ইন্ডিয়ার হামলায় ছয়টি এলাকায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে এবং ৪৬ জন আহত হয়েছে। খবর দ্য ডনের
ইন্ডিয়ান সরকার জানিয়েছে, পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ জনকে হত্যার প্রতিশোধ হিসেবে পাকিস্তানে এ হামলা চালানো হয়েছে। পাকিস্তান এ হামলাকে ‘কাপুরুষোচিত হামলা’ হিসেবে অভিহিত করেছে এবং বলেছে তারা তাদের পছন্দের স্থান এবং সময়ে এ হামলার জবাব দেবে।
অন্যদিকে, ‘ইন্ডিয়ার স্পষ্ট আগ্রাসন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য এর হুমকি’ সম্পর্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অবহিত করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবহিত করা হয়েছে যে, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের আত্মরক্ষার অধিকার অনুযায়ী পছন্দের সময় ও স্থানে এই আগ্রাসনের যথাযথভাবে জবাব দেওয়ার অধিকার রয়েছে পাকিস্তানের।
কিছুদিন ধরেই পারমাণবিক ক্ষমতাধর ইন্ডিয়া ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছিল, এখন তা ক্ষেপণাস্ত্র হামলার মতো অবস্থায় গড়িয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদে ‘কাপুরুষোচিত’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইন্ডিয়া। পাকিস্তান সেনাবাহিনী ইতোমধ্যে এর বদলা নিতে শুরু করেছে।
পাকিস্তানে ইন্ডিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত ও ৩৫ জন আহত হওয়ার কথাও জানান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। নিহত ব্যক্তিদের মধ্যে দুই শিশু রয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন তিনি।
এদিকে ইন্ডিয়ার সরকারের এক বিবৃতির বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইন্ডিয়ার সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান–নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের ৯টি স্থাপনায় হামলা চালানো হয়েছে।
যদিও ইন্ডিয়ান সরকারের দাবি, পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনাকে এ অভিযানে নিশানা করা হয়নি। ইন্ডিয়া–নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গোলায় তিনজন হয়েছেন বলে ইন্ডিয়ার সেনাবাহিনী জানিয়েছে।
গত ২২ এপ্রিল ইন্ডিয়া–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর থেকে ইন্ডিয়া–পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যে এবার সংঘর্ষে জড়াল দেশ দুটি।
ইউডি/এআর

