সিঙ্গাপুর থেকে ১১০৪ কোটি টাকা ব্যয়ে ২ কার্গো এলএনজি কিনবে সরকার

সিঙ্গাপুর থেকে ১১০৪ কোটি টাকা ব্যয়ে ২ কার্গো এলএনজি কিনবে সরকার

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার , ০৮ মে, ২০২৫, আপডেট ১০:০০

দেশের জ্বালানির সংকট মোকাবিলায় স্পট মার্কেট থেকে দুটি কার্গো এলএনজি আমদানি করবে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। সিঙ্গাপুর থেকে এ দুই কার্গো এলএনজি আমদানি করতে মোট ব্যয় হবে এক হাজার ১০৪ কোটি ৪১ লাখ ৮৪ হাজার ৩৩৬ টাকা।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়ে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ।

বৈঠক সূত্রে জানা যায়, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের একটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এক কার্গো (৩০-৩১ মে ২০২৫ সময়ে ২৫তম) এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

জানা যায়, পেট্রোবাংলা থেকে এক কার্গো এলএনজি সরবরাহের জন্য মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) স্বাক্ষরকারী চুক্তিবদ্ধ ২৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব আহ্বান করা হলে চারটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। চারটি প্রস্তাবই কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ হয়।

দরপত্রের সব প্রক্রিয়া শেষে প্রস্তাব মূল্যায়ন কমিটির (পিইসি) সুপারিশের পরিপ্রেক্ষিতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান সিঙ্গাপুরের ভিটল এশিয়া লিমিটেড থেকে প্রতি এমএমবিটিইউ ১১ দশমিক ৪৪৮৮ মার্কিন ডলার হিসাবে এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি সর্বমোট ৫৪৯ কোটি ১ লাখ ১৭ হাজার ৭৫২ টাকায় আমদানির সিদ্ধান্ত নেয় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। প্রস্তাবটি সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতে উপস্থাপন করা হলে কমিটি তা অনুমোদন দিয়েছে।

বৈঠকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এক কার্গো (২-৩ জুলাই ২০২৫ সময়ে ২৭তম) এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

এ কার্গো এলএনজি সরবরাহের জন্য এমএসপিএ স্বাক্ষরকারী চুক্তিবদ্ধ ২৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব আহ্বান করা হলে ছয়টি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। ছয়টি প্রস্তাবই কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ হয়।

দরপত্রের সব প্রক্রিয়া শেষে প্রস্তাব মূল্যায়ন কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান সিঙ্গাপুরের ভিটল এশিয়া লিমিটেড থেকে প্রতি এমএমবিটিইউ ১১ দশমিক ৫৭৮৮ মার্কিন ডলার হিসাবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি সর্বমোট ৫৫৫ কোটি ৩২ লাখ ৬৬ হাজার ৫৮৪ টাকায় আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading