যোগ্যতা ও সততার ভিত্তিতে উপাচার্য নিয়োগে আসছে সার্চ কমিটি

যোগ্যতা ও সততার ভিত্তিতে উপাচার্য নিয়োগে আসছে সার্চ কমিটি

উত্তরদক্ষিণ। রবিবার, ১১ মে, ২০২৫, আপডেট ১৩:১৫

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে দক্ষ, সৎ ও যোগ্য শিক্ষকদের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক বিবেচনায় নয়, বরং পদের উপযুক্ত ব্যক্তিকেই নির্বাচনের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি সার্চ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, গঠিতব্য এই কমিটির নেতৃত্ব দেবেন বর্তমান সরকারের শিক্ষা উপদেষ্টা। কমিটির বাকি সদস্যদের মধ্যে থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) দুজন সদস্য, একজন অভিজ্ঞ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব।

সার্চ কমিটির কাজ হবে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য যোগ্য ও মর্যাদাপূর্ণ নেতৃত্ব খুঁজে বের করা। প্রয়োজনে প্রার্থীদের পেছনের কর্মকাণ্ড ও সততা যাচাই করতে তাদের বিষয়ে গোয়েন্দা প্রতিবেদনও সংগ্রহ করতে পারবে কমিটি।

এর আগে, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার একবার একই রকম উদ্যোগ নিয়েছিল, কিন্তু ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ওই উদ্যোগ আর চালু রাখা হয়নি।

বর্তমান সরকার মনে করছে, একটি নির্দিষ্ট নীতিমালার অভাবে এবং রাজনৈতিক প্রভাবের কারণে আগের অনেক নিয়োগই বিতর্কিত হয়ে উঠেছিল। এসব নিয়োগের ফলে একদিকে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্যদিকে সরকারের ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্যরা যখন পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত নেন বা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ হন, তখন তা সরাসরি সরকারের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই এবার আমাদের লক্ষ্য হচ্ছে একেবারে সৎ ও প্রমাণিতভাবে যোগ্য ব্যক্তিদের এসব গুরুত্বপূর্ণ পদে বসানো।’

সম্প্রতি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে অপসারণের ঘটনা এই সমস্যা কতটা গভীর তা স্পষ্ট করে দিয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যোগ্য নেতৃত্ব গঠনে এই সার্চ কমিটির গঠন প্রক্রিয়া অগ্রাধিকারভিত্তিতে সম্পন্ন করা হবে। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন রক্ষা করে দক্ষ পরিচালনা নিশ্চিত করতে এখন প্রয়োজন দায়িত্ববান ও দূরদর্শী উপাচার্য, যারা একাডেমিক জগতে গঠনমূলক পরিবর্তনের নেতৃত্ব দিতে সক্ষম।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading