রূপপুর প্রকল্পের আরও ৮ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

রূপপুর প্রকল্পের আরও ৮ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, আপডেট ০৯:২০

আন্দোলনের জেরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত আরও ৮ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার প্রকল্প পরিচালক ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাছান স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।

এতে ওই আটজন কর্মকর্তা-কর্মচারীকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সাময়িক বরখাস্তকৃতরা হলেন- সহকারী ব্যবস্থাপক (মেকানিক্যাল) ইকতিয়ার উদ্দিন মোহাম্মদ বিপ্লব, শামীম আহমেদ, মোহাম্মদ সালাহ উদ্দিন ও গোলাম আজম, ঊর্ধ্বতন সহকারী ব্যবস্থাপক (মেকানিক্যাল) মো. মনির, উর্ধ্বতন উপ-সহকারী ব্যবস্থাপক (মেকানিক্যাল) মো. হোসেনুজ্জামান খাঁন, ইলেকট্রিশিয়ান রিয়াজ উদ্দিন (ইলেকট্রনিক্স) ও মো. ইসমাইল হোসেন।

নোটিশে উল্লেখ করা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকা ও এনপিসিবিএলে তারা শৃঙ্খলাবিরোধী বা নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। কর্তব্যে অবহেলা করেছেন এবং করছেন। তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ১০ দিনের মধ্যে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস সাময়িক বরখাস্তের সত্যতা স্বীকার করে বলেন, আমি আজ (বুধবার) সকালে মেইলে চিঠি পেয়েছি। এর বেশি কিছু জানা নেই।

নাম প্রকাশ না করার শর্তে এনপিসিবিএলে কর্মরত এক কর্মকর্তা বলেন, বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনের জেরে এসব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কয়েকদিন আগেও ১৮ জনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ বিষয়ে মোবাইল ফোনে প্রকল্প পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading