মেক্সিকোতে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২১

মেক্সিকোতে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২১

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, আপডেট ১২:০০

মেক্সিকোর মধ্যাঞ্চলে তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

স্থানীয় সরকারি কর্মকর্তা স্যামুয়েল আগুইলার পালা জানিয়েছেন, বুধবার সকালে পুয়েবলা রাজ্যের কুয়াকনোপালান এবং ওয়াক্সাকার মধ্যবর্তী মহাসড়কে তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তিনি জানিয়েছেন, ঘটনাস্থলেই ১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত্যু হয়।

তিনি সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছেন, দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি ট্যাঙ্কার ট্রাক, বাস এবং একটি ভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মেক্সিকোর লা জর্নাডা নিউজ পেপারের একটি প্রতিবেদনে বলা হয়েছে, একটি সিমেন্টবাহী ট্রাক একটি ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করলে ওই দুর্ঘটনা ঘটে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিপরীত লেনে যাওয়ার সময় ট্রাকটি একটি বাসকে ধাক্কা দেয় এবং তারপরে একটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং খাদে পড়ে আগুন ধরে যায়।

স্থানীয় এক সাংবাদিকের সামাজিক মাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, খাল থেকে কালো ধোঁয়ার একটি বিশাল কুণ্ডলি উঠে আসছে এবং রাস্তার রেলিংয়ের একটি অংশ ভেঙে গেছে। ওই ভিডিওটি যাচাই করা সম্ভব হয়নি।

গত কয়েক বছরে মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা অনেক বেড়ে গেছে। বিশেষ করে কার্গো ট্রাকের কারণে দুর্ঘটনা বেশি ঘটছে। যানবাহনের বেহাল দশা, অনিয়ম, চালকের ক্লান্তি বা বেপরোয়া গতিই বেশির ভাগ দুর্ঘটনার জন্য দায়ী। জাতীয় পরিসংখ্যান সংস্থার সাম্প্রতিক তথ্য অনুসারে, ২০২২ সালে ৩ লাখ ৭৭ হাজার ২৩১টি দুর্ঘটনা রেকর্ড হয়েছে।

গত মার্চের শেষের দিকে মেক্সিকোর উত্তরাঞ্চলে একটি সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়। একটি পিকআপ ট্রাক প্রায় ৪০০ ফুট (১২০ মিটার) গভীর খাদে পড়ে যায়।

এর আগে গত ১১ মার্চ উত্তর এবং দক্ষিণ মেক্সিকোতে দুটি হাইওয়েতে দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়। চলতি বছর দেশটিতে এখন পর্যন্ত সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনার মধ্যে একটি ঘটেছে গত ৮ ফেব্রুয়ারি। সে সময় দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ক্যাম্পেচেতে একটি পণ্যবাহী ট্রাক এবং একটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে ৩৮ জনের মৃত্যু হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading