পুতিন ও আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই হবে না: ট্রাম্প

পুতিন ও আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই হবে না: ট্রাম্প

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৫ মে), ২০২৫, আপডেট ২৩:১০

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার নিজের একসঙ্গে বসা ছাড়া ইউক্রেন শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১৫ মে) কাতার থেকে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) যাওয়ার পথে এ কথা বলেন তিনি।

মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে করে ইউএইতে যাওয়ার পথে সেখানে থাকা বিবিসির সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, রাশিয়া তুরস্কে যে প্রতিনিধিদল পাঠিয়েছে, তা নিয়ে আপনি কি হতাশ?

জবাবে ট্রাম্প বলেন, ‘দেখুন, পুতিন ও আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই হবে না, ঠিক আছে?’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘স্পষ্টত তাঁর (পুতিন) সেখানে যাওয়ার কথা ছিল না। তিনি যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন, ধারণা করেছিলেন আমিও সেখানে (তুরস্কে) যাচ্ছি।’

‘আমি না গেলে তিনি যাচ্ছিলেন না। আপনি পছন্দ করুন বা না করুন, আমি মনে করি, তিনি ও আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই ঘটছে না। তবে আমাদের এটা সমাধান করতেই হবে। কারণ, অনেক মানুষ মারা যাচ্ছে।’

এদিকে তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, আমেরিকা, রাশিয়া ও তুরস্কের প্রতিনিধিদল আজ ইস্তাম্বুলে পৌঁছেছে। রাশিয়া-তুরস্কের প্রতিনিধিদলের মধ্যে আজ একটি বৈঠক হতে পারে বলে আশা করা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত বৈঠক চূড়ান্ত হয়নি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক হামলা করে রাশিয়া। এর পর থেকে তিন বছরের বেশি সময় ধরে এই যুদ্ধ চলছে। ২০২২ সালে রাশিয়ার হামলার পরপরই দুই পক্ষের প্রতিনিধিদের মধ্যে কয়েক দফা সরাসরি বৈঠক হয়। তুরস্কেও তারা বৈঠক করেছিল। একপর্যায়ে তাদের মধ্যে এই সংলাপ বন্ধ হয়ে যায়।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading