নিষিদ্ধ দলের নাশকতার বিষয়ে সর্বোচ্চ সতর্ক পুলিশ: ডিএমপি কমিশনার
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৫ মে), ২০২৫, আপডেট ২৩:০০
পুলিশ সদস্যদের উদ্দেশে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, জনগণের নিরাপত্তা ও সেবাদানে সর্বোচ্চ পেশাদারিত্বের পাশাপাশি নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম ও নাশকতার বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার (১৫ মে) রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে এপ্রিল মাসের অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তৃতা করেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, পুলিশ আইন ও বিধি দ্বারা পরিচালিত একটি সুশৃঙ্খল বাহিনী। পেশাগত দায়িত্ব পালনকালে পোশাকে, উপস্থাপনায়, সেবায় এবং দৃঢ়তায় নিজেদের অনন্য উচ্চতায় তুলে ধরতে হবে। দায়িত্ব পালনে কোনো অপেশাদার আচরণ ও শিথিলতা প্রদর্শনের সুযোগ নেই। মানুষের সঙ্গে আচরণে বিনয়ী হতে হবে।
শেখ মো. সাজ্জাত আলী বলেন, ঈদুল আজহার (কোরবানি) বেশি দিন বাকি নেই। কোরবানির পশুর হাটে ছিনতাই, চাঁদাবাজি প্রতিরোধে পুলিশকে তৎপর থাকতে হবে। এ সময় পশুর হাটে কেউ যেন জাল নোট ছড়াতে না পারে, সে বিষয়ে পুলিশের কঠোর নজরদারি বাড়াতে হবে।
ইউডি/এবি

