বদলে গেল স্কুল-কলেজের শপথ, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বাদ
উত্তরদক্ষিণ। বুধবার (২১ মে) ২০২৫, আপডেট ২৩:১৫
ক্ষমতার পালা বদলে প্রাথমিক বিদ্যালয়ের প্রতিদিনের সমাবেশে শিক্ষার্থীদের শপথ পরিবর্তনের পর এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের স্কুল-কলেজের শপথ বদলানো হল।
গত তিন বছর স্কুল-কলেজের প্রতিদিনের সমাবেশের শপথে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং এ সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা থাকলেও নতুন শপথে তা বাদ দেওয়া হয়েছে। শপথ থেকে বাদ পড়েছে ‘অসাম্প্রদায়িক চেতনায়’ দেশ গড়ার প্রত্যয়ও।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল-কলেজের সমাবেশে শপথবাক্যকে ফিরিয়ে নেওয়া হয়েছে ২০২১ সালের আগের আদলে।
বুধবার (২১ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে শপথ পরিবর্তনের ঘোষণা আসে। উপসচিব রহিমা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ‘সাম্যের বাংলাদেশ’ প্রতিষ্ঠায় পরিবর্তিত শপথটি স্কুল-কলেজের সমাবেশে শিক্ষার্থীদের পাঠ করতে বলা হয়েছে।
নতুন শপথ
আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না।
হে মহান আল্লাহ মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ, বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি। আমিন।
২০২২ সালের আগে এ শপথটিই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠ করা হত। ২০১৩ সালের আগে ‘অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না’ অংশটি বাদে বাকি শপথবাক্যটি পাঠ করা হত শিক্ষা প্রতিষ্ঠানের সমাবেশে। দুদকের সুপারিশে ২০১৩ সালের ১১ এপ্রিল শপথে ‘অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না’ অংশটি যুক্ত হয়।
সর্বশেষ ২০২১ সালের ২৮ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শপথ পরিবর্তন করে।
ইউডি/এবি

