২ জুন দেশে আসছেন হামজা, সমিত-ফাহমেদুলরা আসবেন কবে?

২ জুন দেশে আসছেন হামজা, সমিত-ফাহমেদুলরা আসবেন কবে?

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৩ মে, ২০২৫, আপডেট ১:

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আগামী ২ জুন দেশে আসছেন লাল সবুজের পোস্টার বয় হামজা চৌধুরী। এর একদিন পরই বাংলাদেশে আসবেন কানাডিয়ান সমিত সোম। আর ৩০ মে দেশে আসবেন ফাহমেদুল ইসলাম।

তবে, ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হামজা আর সমিতকে না খেলানোর গুঞ্জন রয়েছে। ১০ জুনের ম্যাচের প্রাথমিক স্কোয়াডে আরও বেশ কয়েকজন প্রবাসী ফুটবলারের জায়গা পাওয়ার ইঙ্গিত দিয়েছেন জাতীয় দলের ম্যানেজার আমের খান।

দেশের ফুটবল বুদ হামজা-সমিত উন্মাদনায়। ঘরের মাঠে লাল সবুজের পোস্টার বয়দের অভিষেকের অপেক্ষায় পুরো দেশ। হামজার পর এবার সমিত আর ফাহমেদুলকে বরণের অপেক্ষার প্রহর গুনছেন লাল সবুজ ভক্তরা।

সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে ৪ জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে ২ জুন দেশের মাটিতে পা রাখবেন হামজা চৌধুরী। এর একদিন পরই লাল সবুজের জার্সি গায়ে মাঠ মাতাতে বাংলাদেশে আসবেন শমিত সোম। আর হামজা-শমিতদের আগেই ৩০ মে দেশে আসছেন ফাহমেদুল ইসলাম।

গণমাধ্যমকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান বলেন, ‘তার (হামজার) তো অনেক ব্যস্ততা আছে সেখানে। সেগুলো শেষ করতে পারলে ফ্লাইটের সূচি অনুযায়ী ২ জুন সে ঢাকায় পৌঁছাবে। আমরা চাচ্ছি কোনোভাবে যদি তাকে আগে আনা যায়।’

১০ জুনের ম্যাচ সামনে রেখে ৩০ মে থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। স্প্যানিশ কোচের অধীনে জাতীয় দলের ক্যাম্পে শুরু থেকেই থাকবেন ফাহমেদুল। তবে, ইপিএলে হামজার ম্যাচ ও ভ্রমণ ক্লান্তি বিবেচনায় গুঞ্জন আছে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হামজা-সমিতদের না খেলানোর।

আমের খান বলেন, ‘সমিত সোমের খেলা রয়েছে ৩১ মে। হামজার খেলা ২৪ মে শেষ হবে। তাদের সে সূচির ব্যস্ততা, তাতে মনে হয় না ক্যাম্পের শুরু থেকে তাদের পাব। তিনজনকে পাওয়াটা কঠিন হবে। ক্যাম্পে সবাই আসবে। তবে কে খেলবে, না খেলবে সেটা তার ‍পারফরম্যান্সের উপর নির্ভর করবে।’

এদিকে, প্রবাসী ফুটবলাদের দলে ভেড়ানোর জোয়ারে দলে আরও বেশ কয়েকজনের জায়গা হতে পারে বলে আভাস আছে। তবে সব কিছুতে কোচের সিদ্ধান্ত চূড়ান্ত বলে মনে করে টিম ম্যানেজমেন্ট।

আমের খান বলেন, ‘কোচ কয়েকটা ম্যাচ দেখবেন। এরপর উনার যে পরিকল্পনা আছে, স্কোয়াড আছে, ওইটা নিয়ে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে আলাপ-আলোচনা করে দল সাজাবেন।’

৪ জুন ও ১০ জুনের ম্যাচের জন্য আগামী ৩১ মে থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading