ইশরাকের শপথ ইস্যুতে রিট খারিজের বিরুদ্ধে চেম্বারে আবেদন
উত্তরদক্ষিণ। রবিবার, ২৫ মে, ২০২৫, আপডেট ১৬:৫৫
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ ইস্যুতে রিট খারিজের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করেছেন রিটকারী।
রবিবার (২৫ মে) রিটকারীর আইনজীবী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
ইশরাককে ডিএসসির মেয়র পদে বসানোর দাবিতে বেশ কয়েক দিন নগর ভবন ও মৎস ভবনের সামনে অবস্থান নেন তার সমর্থকরা। পরে বৃহস্পতিবার (২২ মে) ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে আদেশ প্রকাশ করেন হাইকোর্ট। ফলে শপথ পড়াতে বাধা নেই বলে জানান ইশরাকের আইনজীবীরা।
গত ১৪ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেইসঙ্গে তাকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা মো. মামুনুর রশিদ। আবেদনকারীর আইনজীবী কাজী আকবর আলী।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গত ২৭ মার্চ ডিএসসির ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে, বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম। ট্রাইব্যুনালের রায়ের অনুলিপি পেয়ে গত ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় সাংবিধানিক সংস্থাটি। এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ডিএসসিসির নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।
ইউডি/এআর

