চট্টগ্রাম বন্দরের ভবনের প্রধান ফটক বন্ধ করে শ্রমিক দলের অবস্থান ধর্মঘট
উত্তরদক্ষিণ। রবিবার, ২৫ মে, ২০২৫, আপডেট ১৬:৫০
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বেসরকারিকরণের প্রতিবাদে বন্দর ভবনের প্রধান ফটক বন্ধ করে অবস্থান ধর্মঘট পালন করছে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ ও বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল।
রবিবার (২৫ মে) সকাল ১০টায় চট্টগ্রাম বন্দর ভবনের মূল ফটকের সামনে এ কর্মসূচি শুরু হয়, যা দুপুর ১২টা পর্যন্ত চলে। এ সময় অবিলম্বে এনসিটি বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিল না হলে সড়ক অবরোধ এবং ঈদের পর বন্দর শাটডাউনের মতো কঠোর কর্মসূচির ঘোষণা দেন নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, ‘চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বেসরকারি খাতে দেয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। লালদিয়ার চর, বে টার্মিনাল, মাতারবাড়ি সমুদ্র বন্দর বেসরকারি বা বিদেশিদের হাতে গেলে বিভিন্ন গোপনীয়তা তাদের কাছে চলে যাওয়ার শঙ্কা থেকে যায়।’
এনসিটি একটি আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ টার্মিনাল উল্লেখ করে নেতারা বলেন, এটি বিদেশিদের হাতে তুলে দেয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়, কোনো প্রয়োজনীয়তাও নেই। এনসিটি বিদেশিদের হাতে তুলে দিলে বিপুল পরিমাণ ডলার বৈধ চ্যানেলে বাইরে চলে যাবে। যা বাংলাদেশকে ব্যাপক ডলার সঙ্কটে ফেলবে। অন্তর্বর্তী সরকারকে এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান তারা।
এ ছাড়া বন্দর সংস্কারের ৮ দফা দাবিতে একই স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বন্দর সংস্কার আন্দোলন ব্যানারে ছাত্র-জনতা।
ইউডি/এআর

