নারীদের উন্নয়নে স্বচ্ছ ও ব্যবহারযোগ্য বাজেটের দাবি: দেবপ্রিয় ভট্টাচার্য

নারীদের উন্নয়নে স্বচ্ছ ও ব্যবহারযোগ্য বাজেটের দাবি: দেবপ্রিয় ভট্টাচার্য

উত্তরদক্ষিণ। সোমবার, ২৬ মে, ২০২৫, আপডেট ১:১০

নারীদের উন্নয়নে সুনির্দিষ্টভাবে, স্বচ্ছভাবে এবং ব্যবহারযোগ্যভাবে বাজেট দাবি করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

সোমবার (২৬ মে) রাজধানীর গুলশানের একটি হোটেলের সম্মেলন কক্ষে ‘লিঙ্গ-প্রতিক্রিয়াশীল বাজেট প্রণয়ন এবং এফএফডি-ফোর ফলাফলের অগ্রগতির বিষয়’- শীর্ষক আলোচনায় এ দাবি করেন তিনি।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আমাদের দেশে বাজেট প্রস্তুত করার ক্ষেত্রে আমাদের অর্ধেক জনসংখ্যা নারী আছে, তাদের যে পরিবর্তনের কথা, তাদের উন্নয়নের কথা বিবেচনায় রেখে বাজেটে সুনির্দিষ্টভাবে স্বচ্ছভাবে এবং ব্যবহারযোগ্যভাবে বাজেট দিতে হবে। বাজেট দেওয়ার ক্ষেত্রে নারীদের মধ্যে যারা বিশেষ করে পেছনে পড়ে আছে, তাদের জন্য কী ধরনের ব্যবস্থা নেই, তা আমাদের প্রকাশ করতে হবে এবং এর জন্য যেই তথ্য-উপাত্তের দরকার, যার ঘাটতি আমাদের আছে।

তিনি বলেন, নারীদের জন্য আমাদের যে বাজেটে দেওয়া হয় সেটা খুবই কম। আবার যেটুকু দেওয়া হয় তার কাঠামোর মধ্যেও সমস্যা থাকে, বিল্ডিং বানানোতে টাকা চলে যায়। বাজেটে যেটুকু দেওয়া হয়, বাকি থাকে, সেটুকুও ঠিকমত বছর শেষে খরচ হয় না। যেটুকু খরচ হয় তার আবার মূল্যায়ন হয় না, এটা প্রকৃতভাবে নারীদের পক্ষে গেছে কি-না? ওই মূল্যায়ন করার জন্য আবার তথ্য-উপাত্ত নেই। 

জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ‘ইউএন উইমেন’-এর সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে এসডিজি বিষয়ক নারী প্ল্যাটফর্ম। 

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ধরনের প্রত্যাশা জাগিয়েছেন। আমাদের সংস্কার কমিশনের মাধ্যমে অন্তত ন্যূনতম কিছু প্রয়োগ যদি আমরা না দেখি তাহলে আমরা কিন্তু মনে কষ্ট পাব। সরকার বিভিন্ন সংস্কারের পদক্ষেপে কমিশন বানাচ্ছে। আমি শুধু নারী কমিশনের কথা বলছি না। স্থানীয় সরকার, দুর্নীতি, এমনকি সংবিধান ইত্যাদির বিষয়ে যে আলোচনা চলছে, তার ভেতরেও নারীদের বিষয়কে একটি মূলধারার বিষয় হিসেবে সংযুক্ত করতে হবে, এটা শুধু নারীর বিষয় না এটা বাংলাদেশের জাতীয় বিষয়। এটা উন্নয়নের বিষয় শুধু না, এটা ন্যায্যতারও বিষয়।

অনুষ্ঠানে ‘বাংলাদেশে লিঙ্গ প্রতিক্রিয়াশীল বাজেট : সংক্ষিপ্ত পরিসর’ তুলে ধরেন ইউএন উইমেনের লিঙ্গ পরিসংখ্যান বিষয়ক প্রোগ্রাম বিশ্লেষক নুবায়রা জেহিন। ‘লিঙ্গীয় দৃষ্টিকোণ থেকে অর্থনীতির অবস্থা সম্পর্ক’ নিয়ে উপস্থাপনা তুলে সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। 

এছাড়া ‘লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের জন্য চাহিদা ও অর্থায়ন’ নিয়ে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের সেক্রেটারি রেখা সাহা। 

বক্তব্যে তিনি নারীদের জন্য কোটা সংরক্ষণ এবং বাজেটে নারীদের জন্য আরও বেশি প্রতিনিধিত্বের আহ্বান জানান। 

অনুষ্ঠানে সম্মানীয় অতিথির বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত সুইডেন দূতাবাসের ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন প্রোগ্রাম পরিচালক মারিয়া স্ট্রিডসম্যান। এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম-সচিব মো. আবুল কালাম আজাদ, মহিলাবিষয়ক সংস্কার কমিশনের সদস্য ফেরদৌসী সুলতানা, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব তাসনিম জেবিন বিনতে শেখ, অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব নাহার হামিদ প্রমুখ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading