সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

উত্তরদক্ষিণ। বুধবার (২৮ মে) ২০২৫, আপডেট ২৩:২০

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ বাতিল না হওয়া পর্যন্ত প্রতিদিন এক ঘণ্টা কর্মবিরতি পালন করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হবে। ৩১ মে তারা আবার নতুন করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।

বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান বাদিউল কবীর ও নূরুল ইসলাম যৌথভাবে এ তথ্য জানান। এ সময় ফোরামের মহাসচিব নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে তারা ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে বৈঠকৈ মিলিত হন।

কর্মচারিদের উদ্দেশ্যে বাদিউল কবীর বলেন, সরকারি কর্মচারীরা যাতে সাধারণ মানুষের দুর্ভোগের কারণ না হয় আমরা সেই বিষয়টিও বিবেচনায় এনেছি। আমরা মিছিল, সভা ও সমাবেশের পরিবর্তে ১ ঘণ্টার কর্মবিতরি কর্মসূচি দিয়েছি। প্রধান উপদেষ্টা দেশে ফিরলেই কাঙ্ক্ষিত বিষয়ের একটি শান্তিপূর্ণ সমাধান হবে।

তিনি বলেন, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বর্তমানে রাষ্ট্র একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। আপনারা জানেন সামনেই কুরবানির ঈদ এবং ২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণার সময়।

বাদিউল কবীর বলেন, আমরা সব বিষয় চিন্তা-ভাবনায় রেখে আগামী দিনগুলোতে আমাদের কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছি। জরুরি সেবার বিষয়টি বিবেচনায় রেখে প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ কর্মবিরতি চলতে থাকবে। মাঠ পর্যায়ে সব দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তর এবং ডিসি অফিস, বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এবং পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।

এর আগে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এসএম সালেহ আহমেদের নেতত্বে গঠিত কমিটি মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন।

মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে ভূমি সচিব সাংবাদিকদের জানান, মন্ত্রিপরিষদ সচিবকে কর্মচারিদের দাবি ও আন্দোলনের বিষয়ে অবহিত করা হয়েছে। তিনি শুনছেন এবং বলেছেন, তিনি বিষয়গুলো প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন। বর্তমানে প্রধান উপদেষ্টা জাপান সফর করছেন।

তিনি বলেন, আগামী ৩১ মে তিনি দেশে ফিরবেন। এরপর মন্ত্রিপরিষদ সচিব কর্মচারীদের দাবি প্রধান উপদেষ্টাকে জানাবেন। তিনি যে সিদ্ধান্ত দেবেন সেই আলোকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading