ফ্রান্সের কোচ হতে তর সইছে না জিদানের

ফ্রান্সের কোচ হতে তর সইছে না জিদানের

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, আপডেট ১৭:৫৫

দিদিয়ের দেশমের জায়গাটা পেতে মরিয়া হয়ে উঠেছেন জিনেদিন জিদান। ফ্রান্স দলের কোচের এই চাকরিটার জন্য আর তর সইছে না বিশ্বকাপ ও ইউরো জয়ী তারকার। ফ্রেঞ্চদের ডাগ আউট সামলানোর মতো তার যথেষ্ট যোগ্যতা হয়েছে বলে মনে করেন জিদান। ২০২৬ বিশ্বকাপের পরই ফ্রান্সের দায়িত্ব পেতে পারেন সাবেক রিয়াল মাদ্রিদ কোচ।

বিশ্ব ফুটবলের এক অনন্য নাম জিনেদিন জিদান। জাদুকর জিদান ফ্রান্সকে এনে দেন প্রথম বিশ্বকাপ। ২০০৬ সালের বিশ্বকাপ ফাইনালের কথা সবার মনে আছে নিশ্চিয়ই তার কারণেই সোনালি ট্রফিটা হাতছাড়া হয় ফ্রান্সের। সেই আক্ষেপটা ঘোচাতে অধীর অপেক্ষায় এই কিংবদন্তি। লেস ব্লুস দলে ভিন্ন ভূমিকায় ফিরতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছেন সাবেক এই মিডফিল্ডার।

১৯৯৮ সালে জোড়া গোলে বিশ্বকাপ জেতানো জিদান, ২০০০ সালে ফরাসিদের দ্বিতীয় ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের অন্যতম নায়ক। ফ্রান্সের নতুন কোচ হিসেবে এই কিংবদন্তির নাম দীর্ঘদিন ধরেই আলোচনায়। ২০২৬ বিশ্বকাপের পরই নাকি নেবেন ফ্রান্সের দায়িত্ব। এবার স্পন্সর প্রতিষ্ঠান অ্যাডিডাসের এক অনুষ্ঠানে নিজের স্বপ্নের কথা জানিয়েছেন সাবেক এই ফুটবলার।

ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান বলেন, ‘ফ্রান্স দলের জন্য আমি নিজেকে যথেষ্ট যোগ্য মনে করি। এ দলে আমি ১২-১৪ বছর খেলেছি। কোচ হিসেবে এ দলের দায়িত্ব পালন করা আমার বড় স্বপ্ন। আমি আর অপেক্ষা করতে পারছি না।’

২০০৬ সালের বিশ্বকাপ ফাইনালের পরই বুট জোড়া তুলে রাখেন জিদান। ২০১৪ সালে ফেরেন নিজের ক্লাব রিয়াল মাদ্রিদের যুব দলের কোচ হয়ে। পরের মৌসুমেই পান মূল দলের দায়িত্ব। লস ব্লাঙ্কোদের জেতান টানা তিন মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। দুটি লা লিগা, সুপার কাপ। তার অধীনেই ২০১৬ ও ২০১৭ সালে রিয়াল মাদ্রিদ পায় ক্লাব বিশ্বকাপও। ২০২১ সালে রিয়ালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন জিদান। এরপর আর কোনো ক্লাবেরই দায়িত্ব নেননি এই ফ্রেঞ্চম্যান। ধীরে ধীরে স্বপ্ন বুনেছেন জাতীয় দল নিয়ে। সেই স্বপ্নটাও হয়তো পূরণ হবে খুব শিগগিরই।

বর্তমানে ফ্রান্সের দায়িত্বে জিদানের বিশ্বকাপ জয়ী দলের সতীর্থ দিদিয়ের দেশম। ২০১২ সাল থেকেই ফরাসিদের ডাগ আউট সামলাচ্ছেন সাবেক এই মিডফিল্ডার। ২০১৮ সালে ফ্রান্সকে দিয়েছেন দ্বিতীয় বিশ্বকাপের স্বাদ। তার অধীনে কাতার বিশ্বকাপে রানার্স আপ হয়েছে লেস ব্লুস। ২০২১ সালে জিতেছে প্রথম নেশন্স লিগও। তবে, ২০২৬ বিশ্বকাপের পর আর এ দায়িত্বে নাকি থাকতে চান না তিনি। আগামী বছরের জুনেই শেষ হবে তার চুক্তির মেয়াদ। তার পরিবর্তে ফ্রান্স ফুটবল ফেডারেশনের পছন্দের তালিকায় শীর্ষে জিদান।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading