নিরপরাধ আলেমদের নিঃশর্ত মুক্তি দাবিতে রাজধানীতে বিক্ষোভ
উত্তরদক্ষিণ। শুক্রবার, ৩০ মে, ২০২৫, আপডেট ১৭:০৫
বিগত হাসিনা সরকারের আমলে যেসব নিরপরাধ আলেমকে অন্যায়ভাবে জেলে পাঠানো হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছে ‘বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন’ নামে একটি অরাজনৈতিক ও মানবাধিকার সংগঠন।
শুক্রবার (৩০ মে) বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এক সমাবেশে এ কথা বলেন সংগঠনটির নেতারা।
তারা বলেন, শেখ হাসিনার আমলে ইসলামিক ব্লগার শফিউর রহমান ফারাবীকে কেবল ইসলামপন্থি লেখালিখির কারণে গ্রেফতার করা হয়। বহু পরে সংঘটিত একটি হত্যা মামলায় তাকে পরিকল্পিতভাবে অভিযুক্ত করা হয় এবং উদ্দেশ্যপ্রণোদিত রায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
তারা আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করায় নিরপরাধ অনেক আলেমকে ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানো হয়েছে পতিত সরকারের আমলে। নতুন বাংলাদেশে এসব মামলা আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অন্তরায়।
এ সময় এখনও কারান্তরীণ আলেমদের আসন্ন ঈদুল আজহার আগেই মুক্তি দেয়ার দাবি করেন সংগঠনটির নেতারা।
ইউডি/এআর

