সবার মনে রাখার মতো একটা ‘টি-২০ ইনিংস’ খেলতে চান বুলবুল
উত্তরদক্ষিণ। শুক্রবার, ৩০ মে, ২০২৫, আপডেট ১৯:৫৫
ফারুক আহমেদের জায়গায় বিসিবির নতুন সভাপতি হয়ে এসেছেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। আজ থেকেই কাজ শুরু হয়েছে তার, দায়িত্ব পালন করবেন বোর্ডের আগামী নির্বাচনের আগ পর্যন্ত। জাতীয় ক্রীড়া পরিষদের প্রজ্ঞাপনে পরিচালক হওয়ার পর আজই বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন বুলবুল।
ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণ টি-টোয়েন্টি। চার-ছক্কার এই ফরম্যটে খুব দ্রুতই ঘুরে যায় ম্যাচের মোড়। নিজেদের দিনে যেকোনো বড় দলকেও হারিয়ে দিতে পারে ছোট প্রতিপক্ষ। মোটকথা, টি-টোয়েন্টিতে যেকোনো ফলাফলই আসে খুব দ্রুত সময়ে। বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব গ্রহনের দিন এই ফরম্যাটের মতোই স্বল্প সময়ে ফলাফল আনার দিকে জোর দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
মাত্র দুই দিনের ব্যবধানে বিসিবির কাউন্সিলর এবং পরিচালক হওয়ার পর বিসিবি সভাপতি হলেন আমিনুল বুলবুল। যেমন ঝড়ের গতিতে বোর্ড সভাপতি হয়েছেন তেমনভাবেই দ্রুত পরিবর্তন আনতে চান সাবেক এই অধিনায়ক। থাকতেও চান না লম্বা সময়ের জন্য। শুক্রবার (৩০ মে) বিসিবি সভাপতি হিসেবে দায়িত্বগ্রহণের পর এসব বিষয়ে কথা বলেছেন বুলবুল।
সভাপতি নির্বাচিত হয়ে বুলবুল বলেন, ‘সময়টা কম। আমরা জানি, টেস্ট ম্যাচ পাঁচ দিনের হয়, ওয়ানডে ম্যাচ সাত ঘণ্টার হয়। আমি একটা কুইক টি-২০ ইনিংস খেলতে চাই। ভালোভাবে একটা ইনিংস খেলব, যেটা আপনারা সবাই মনে রাখবেন।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট যেন সবার জন্য হয়, সবাই যেন খেলতে পারে এমন একটা অবস্থা যেন তৈরি হয়। ক্রিকেট সবার জন্য, এমন একটা পরিবেশ তৈরি করে দিয়ে যেতে চাই।’
ইউডি/এআর

