বোচাগঞ্জে বিষমুক্ত আম চাষে বৈদেশিক মুদ্রার হাত ছানি

বোচাগঞ্জে বিষমুক্ত আম চাষে বৈদেশিক মুদ্রার হাত ছানি

উত্তরদক্ষিণ। সোমবার, ০২ জুন, ২০২৫, আপডেট ১৩:১০

দিনাজপুরের বোচাগঞ্জে প্রথমবারের মতো আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন উত্তম কৃষি চর্চা (GAP) পদ্ধতিতে প্রযুক্তিনির্ভর বিষমুক্ত আম চাষ শুরু হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা স্থানীয় কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

শনিবার (৩১ মে) সরেজমিনে দেখা যায়, উপজেলার আটগাঁও ইউনিয়নের সত্যমানডাঙ্গী দৌলা ব্লকের কৃষক সাগর চন্দ্র দেব শর্মা এক একর জমিতে রোপণ করেছেন ‘বানানা ম্যাঙ্গো’ জাতের আমগাছ। GAP নীতিমালা অনুসরণ করে তিনি সেক্স ফেরোমোন ফাঁদ, হলুদ আঠালো ফাঁদ, ফল ব্যাগিং, জৈব বালাইনাশক এবং নেটিং ব্যবহারের মাধ্যমে সম্পূর্ণ রাসায়নিকবিহীন আম উৎপাদন শুরু করেছেন। এতে ফল হয়েছে নিরাপদ, স্বাস্থ্যসম্মত এবং রপ্তানিযোগ্য।

কৃষক সাগর চন্দ্র দেব শর্মা বলেন, “আগে প্রচুর কীটনাশক স্প্রে করতে হতো। এবার কৃষি অফিসের সহায়তায় আধুনিক পদ্ধতি গ্রহণ করায় কোনো স্প্রে ছাড়াই আম উৎপাদন সম্ভব হচ্ছে। এটি যেমন খরচ সাশ্রয়ী, তেমনি স্বাস্থ্যকর।”

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন কুমার সাহা জানান, “GAP নীতিমালা অনুসরণে আমরা দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কাজ করছি। বানানা ম্যাঙ্গো জাতের আম অত্যন্ত সুস্বাদু ও রপ্তানিযোগ্য। প্রতিটি আমের গড় ওজন ৫০০ থেকে ৭০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে।”

তিনি আরও বলেন, “এই প্রযুক্তি শুধু কৃষিকে টেকসই ও লাভজনকই করবে না, বরং বিষমুক্ত খাদ্য নিশ্চিতের পথও প্রশস্ত করবে।”

উল্লেখ্য, দেশে ইতোমধ্যে ১০টি সবজি ও ৫টি ফলে GAP পদ্ধতির প্রদর্শনী চালু হয়েছে। এবার বোচাগঞ্জে আম চাষের মাধ্যমে উত্তরের কৃষিক্ষেত্রে এই উদ্যোগ বিস্তৃত হচ্ছে, যা ভবিষ্যতে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউডি/লিখন বনিক শুভ/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading