সারাদেশে একযোগে ২৫৩ বিচারকের বদলি

সারাদেশে একযোগে ২৫৩ বিচারকের বদলি

উত্তরদক্ষিণ। সোমবার (২ জুন) ২০২৫, আপডেট ২৩:২০

বাংলাদেশের বিচার বিভাগে বড় রদবদলের অংশ হিসেবে একযোগে ২৫৩ জন বিচারককে বদলি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এই বদলি কার্যকর করা হয়েছে।

সোমবার (২ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত একাধিক প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের বিচার শাখা। এ বিষয়ে আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনগুলোর সবকটিতে স্বাক্ষর করেন উপসচিব (প্রশাসন-১) এ এফ এম গোলজার রহমান। বদলির এই সিদ্ধান্তকে বিচার প্রশাসনে চলমান সংস্কারের অংশ হিসেবে দেখা হচ্ছে।

বদলি হওয়া বিচারকদের মধ্যে রয়েছেন বিভিন্ন পদমর্যাদার বিচারকরা। এর মধ্যে সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার রয়েছেন ১৬২ জন। এছাড়া জেলা ও দায়রা জজ ৩০ জন, অতিরিক্ত জেলা জজ ৩৮ জন, এবং যুগ্ম জেলা ও দায়রা জজ ২৩ জন বদলির তালিকায় রয়েছেন। এছাড়া, ১২ জন সিনিয়র সহকারী জজকে পদোন্নতি দিয়ে যুগ্ম জেলা জজ পদে উন্নীত করা হয়েছে এবং একই সঙ্গে তাদের বদলিও করা হয়েছে।

আইন মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, বিচার বিভাগের কাঠামোগত ভারসাম্য রক্ষা, বিচারপ্রার্থীদের সুবিধা নিশ্চিত এবং বিচারকদের অভিজ্ঞতা ও দক্ষতা বিবেচনায় এই রদবদল করা হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ ও চাপযুক্ত জেলায় নতুন করে অভিজ্ঞ বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে দায়িত্ব পালন করা বিচারকদেরও বদলি করা হয়েছে রোটেশন নীতির আওতায়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি হওয়া বিচারকদের সংশ্লিষ্ট কর্মস্থলে যোগদানের তারিখ এবং হস্তান্তর প্রক্রিয়া নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই রদবদলের ফলে দেশের বিভিন্ন আদালতে বিচারক সংকট কিছুটা নিরসন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading