উপযুক্ত সময়ে ইউক্রেনীয় হামলার জবাব দেবে রাশিয়া

উপযুক্ত সময়ে ইউক্রেনীয় হামলার জবাব দেবে রাশিয়া

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (৫ জুন), ২০২৫, আপডেট ২২:৩০

ইউক্রেনের সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে রাশিয়া ‘উপযুক্ত সময়ে’ প্রতিক্রিয়া জানাবে বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। বৃহস্পতিবার (৫ জুন) এক ব্রিফিংয়ে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসী’ রাষ্ট্র হিসেবে অভিহিত করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দিমিত্রি পেসকভ বলেন, প্রেসিডেন্ট বলেছেন, যাত্রীবাহী ট্রেন উড়িয়ে দেওয়ার আদেশ ইউক্রেনীয় নেতৃত্বই দিয়েছে। এটি রাষ্ট্রীয় পর্যায়ের সন্ত্রাসবাদ ছাড়া আর কিছু নয়। এটি প্রেসিডেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য।

গত সপ্তাহান্তে সাইবেরিয়া ও উত্তরের ঘাঁটিতে রুশ কৌশলগত বোমারু বিমান লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইউক্রেন। একই সঙ্গে রাশিয়ার দক্ষিণাঞ্চলে কয়েকটি রেলসেতু বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার ঘটনায় সাতজন নিহত হয়। এসব ঘটনার জন্য কিয়েভকেই দায়ী করছে মস্কো। তবে ইউক্রেন এখনও এসব হামলার দায় স্বীকার করেনি। রাশিয়াও এ বিষয়ে নিশ্চিত কোনও প্রমাণ প্রকাশ করেনি।

পেসকভ বলেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধক্ষেত্রে লড়াই ও পারস্পরিক বিমান হামলার ধারাবাহিকতায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। গত মাসে তুরস্কে দুই দেশের মধ্যে আলোচনা পুনরায় শুরু হলেও এসব সহিংসতা শান্তিপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।

এদিকে, বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে রুশ প্রেসিডেন্ট পুতিন প্রতিশোধের বাধ্যবাধকতার কথা উল্লেখ করেন। তবে পেসকভ জানান, ট্রাম্প ও পুতিনের সরাসরি সাক্ষাৎ নিয়ে কোনও আলোচনা হয়নি। যদিও দু’পক্ষই মনে করছে এমন একটি বৈঠক হওয়া দরকার। তবে তা সঠিকভাবে প্রস্তুতি নিয়ে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading