জো বাইডেনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ ট্রাম্পের

জো বাইডেনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ ট্রাম্পের

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (৫ জুন), ২০২৫, আপডেট ২৩:৫৫

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্তের নির্দেশ দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৪ জুন) এক সরকারি নির্দেশনার মাধ্যমে তদন্ত শুরুর নির্দেশ দেন তিনি।

ট্রাম্প দাবি করেছেন, বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় মানসিকভাবে অক্ষম ছিলেন, অথচ এই তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন রাখা হয়েছিল। এমনকি, বিভিন্ন নীতিগত সিদ্ধান্তে বাইডেন আদৌ যুক্ত ছিলেন কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন ট্রাম্প।

তিনি বলেন, এই ঘটনার পেছনের প্রকৃত সিদ্ধান্ত দাতাদের চিহ্নিত করতে হবে। প্রেসিডেন্টের আইন উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেল ও অন্যান্য মন্ত্রণালয়গুলোর মধ্যে ঘনিষ্ঠভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ট্রাম্পের অভিযোগ, বাইডেন অনেক সময় নথিপত্রে নিজ হাতে স্বাক্ষর না করে ‘অটোপেন’ নামক একটি যান্ত্রিক কলম ব্যবহার করতেন, যা বৈধতার প্রশ্ন তোলে। তার দাবি অনুযায়ী, এই প্রযুক্তি ব্যবহার করে স্বাক্ষর করা নির্বাহী আদেশগুলো ‘অবৈধ’ বলে বিবেচিত হওয়া উচিত। তিনি বলেন, আমেরিকার জনগণ জানতেই পারেনি কারা প্রকৃতপক্ষে রাষ্ট্র চালাচ্ছিলেন।

বাইডেনের মানসিক অবস্থা নিয়ে ট্রাম্প দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলে আসছেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময়ও ট্রাম্প তাকে মানসিকভাবে অযোগ্য বলে দাবি করেন এবং বলেন, বাইডেন কেবলমাত্র নামমাত্র প্রেসিডেন্ট ছিলেন। বাস্তবে অন্যরা প্রশাসনের মূল সিদ্ধান্ত নিতেন। তিনি অভিযোগ করেন, বাইডেনের আশপাশের লোকজন তার শারীরিক ও মানসিক সমস্যা সম্পর্কে জেনেও তা গোপন রেখেছিলেন।

সম্প্রতি প্রকাশিত একটি বইতেও উঠে এসেছে বাইডেনের স্মৃতিশক্তি ও মনোযোগের দুর্বলতার কথা। বইটিতে উল্লেখ করা হয়, কখনো কখনো বাইডেন এমনকি ঘনিষ্ঠ পরিচিতদেরও চিনতে পারতেন না। একটি ঘটনায় বলা হয়, তিনি অভিনেতা এবং ডেমোক্র্যাটিক দলের বিশিষ্ট সমর্থক জর্জ ক্লুনিকে চিনতে ভুল করেছিলেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading