গ্রেটা থুনবার্গকে বহনকারী ত্রাণবাহী জাহাজের দখল নিয়েছে ইসরায়েল
উত্তরদক্ষিণ। সোমবার (৯ জুন), ২০২৫, আপডেট, ১০:৪৫
সুইডিশ পরিবেশবাদী গ্রেটা থুনবার্গকে বহনকারী ত্রাণবাহী জাহাজের জাহাজ নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল।
রবিবার (৮ জুন) দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজটিকে ইসরায়েলের একটি বন্দরে কড়া পাহাড়ায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।
ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক্স অ্যাকাউন্টে লিখেছে, সেলেব্রিটিদের সেলফি ইয়াটটি ইসরায়েলি উপকূলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আরোহীরা শিগগিরই নিজ নিজ দেশে ফেরত যাবেন বলে আশা করা যাচ্ছে।
ব্রিটিশ পতাকাবাহী ইয়াটের নাম ম্যাডেলিন। ফিলিস্তিনপন্থি মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্লোটিল্লা কোয়ালিশন বা এফএফসির তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হচ্ছিল। ইসরায়েলি অবরোধ অমান্য করে গাজায় প্রতীকী পরিমাণ চাল ও শিশুখাদ্য সরবরাহের মাধ্যমে আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধি করতে চেয়েছিল দলটি।
নিজেদের টেলিগ্রাম অ্যাকাউন্টে এফএফসি জানিয়েছে, গন্তব্যে পৌঁছানোর ঠিক আগের রাতে তাদের জাহাজের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল।
পরবর্তী সময়ে ইয়াটের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয় নিশ্চিত করে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সব আরোহী অক্ষত ও নিরাপদ আছেন। তাদেরকে পানি ও স্যান্ডউইচ দেওয়া হয়েছে। নাটক আপাতত শেষ।
সূত্র: রয়টার্স
ইউডি/এবি

