শেফিল্ডে সর্বোচ্চ বেতনভোগী হামজা, এবার কি চ্যাম্পিয়ন্স লিগে?

শেফিল্ডে সর্বোচ্চ বেতনভোগী হামজা, এবার কি চ্যাম্পিয়ন্স লিগে?

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, আপডেট ১৭:৫০

বাংলাদেশের ফুটবলে নতুন প্রাণ সঞ্চার করা ইংলিশ প্রবাসী তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী এখন কোথায় খেলবেন, তা নিয়ে ফুটবলপ্রেমীদের মনে কৌতূহল তুঙ্গে। সম্প্রতি সিঙ্গাপুরের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর তিনি ইংল্যান্ডে ফিরেছেন। শেফিল্ড ইউনাইটেডের সাথে ধারের চুক্তি শেষ হওয়ায় ২৭ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে তার মূল ক্লাব লেস্টার সিটিতে ফিরতে হচ্ছে।

তবে গুঞ্জন বলছে, তিনি গ্রিসের অন্যতম সফল ক্লাব অলিম্পিয়াকোসে নাম লেখাতে পারেন, যার ফলে আগামী মৌসুমে তাকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে দেশটির রেডিও স্টেশন স্পোর্ট এফএম। ক্লাবটির বর্তমান কোচ হোসে লুইস মেন্দিলিবার ইতোমধ্যেই হামজার খেলা দেখে মুগ্ধ হয়েছেন। এই দলটি এবার গ্রিক লিগ চ্যাম্পিয়ন হওয়ায় সরাসরি জায়গা পেয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। ফলে হামজার ইউরোপীয় শীর্ষ আসরে খেলার সম্ভাবনাও তৈরি হয়েছে।

গবেষণাধর্মী ফুটবল অর্থনীতি প্রতিষ্ঠান ক্যাপোলজির তথ্য অনুযায়ী, শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলতে গিয়ে হামজার সপ্তাহিক আয় ছিল ৪১ হাজার ৪৭৩ ইউরো—বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৭ লাখ টাকা। প্রতিদিন আয় করেছেন প্রায় ৮ লাখ টাকা। জানুয়ারি থেকে মে পর্যন্ত ১২৪ দিনের চুক্তিতে তিনি পেয়েছেন আনুমানিক ১০ কোটি ২৫ লাখ টাকা, যা দলটির সর্বোচ্চ বেতনপ্রাপ্ত খেলোয়াড় হিসেবে তালিকাভুক্ত করেছে তাকে।

তবে লেস্টারে থাকা অবস্থায় তার বেতন ছিল এর প্রায় অর্ধেক, প্রতি সপ্তাহে ১৭ হাজার ৭৭৪ ইউরো। সেখানে তার সঙ্গে আরও দুই বছরের চুক্তি থাকলেও ভবিষ্যৎ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। শেফিল্ড ইউনাইটেড তাকে স্থায়ীভাবে দলে নেওয়ার সুযোগ পেলেও সেই পথে এগোয়নি ক্লাবটি।

হামজার ভবিষ্যৎ নিয়ে কিছুটা দ্বিধায় রয়েছেন তিনিও। তার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী জানিয়েছেন, হামজা এখনো সিদ্ধান্ত নেননি পরবর্তী ক্লাব নিয়ে। তবে গ্রিক দৈনিকের রিপোর্টে উঠে এসেছে, অলিম্পিয়াকোসে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

বর্তমানে হামজার বাজারমূল্য ৪৫ লাখ ইউরো (প্রায় ৬৩ কোটি টাকা)। লেস্টার তাকে বিক্রি করলে কত দামে ছাড়বে, তা এখনই বলা কঠিন। তবে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেলে তার বাজারমূল্য ও ক্যারিয়ার, দুটিই নতুন উচ্চতায় পৌঁছাতে পারে।

হামজার দেখানো পথে আরও দুই প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম এবং শমিত সোমেরও সম্প্রতি বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে। সিঙ্গাপুরের কাছে হারলেও তারা দুর্দান্ত খেলেছেন। হামজা ও শমিত একই ফ্লাইটে ঢাকা ছেড়েছেন, হামজা ইংল্যান্ডে এবং শমিত কানাডায়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading