লন্ডনে দেড় ঘণ্টা বৈঠক করলেন ড. ইউনূস-তারেক রহমান
উত্তরদক্ষিণ। শুক্রবার (১৩ জুন), ২০২৫, আপডেট, ১৫:৪০
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় সকাল ৯টায় সেন্ট্রাল লন্ডনের পার্ক লেনের ডরচেস্টার হোটেলে এ বৈঠক শুরু হয়। সকাল ৯টার কিছু আগে বৈঠকস্থলে পৌঁছান তারেক রহমান। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শেষ হয় (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩৫ মিনিট) বৈঠকটি শেষ হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে বাসা থেকে রওনা করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সকাল ৮টা ১৭ মিনিটে রওনা হন তিনি।
জানা গেছে, তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
বৈঠকস্থলের বাইরে হাজারখানেক বিএনপি নেতাকর্মী প্রায় এক ঘণ্টা আগ থেকে জড়ো হতে থাকেন। অন্যদিকে অধ্যাপক ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক শেষে একই ভেন্যুতে যৌথভাবে প্রধান উপদেষ্টার প্রেস উইং ও বিএনপির নেতারা প্রেস ব্রিফিং করবেন। বিষয়টি নিশ্চিত করেন লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন।
ইউডি/এবি

