চুক্তিতে রাজি না হলে ইসরায়েলি হামলা হবে ‘আরও নৃশংস’: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি
উত্তরদক্ষিণ। শুক্রবার (১৩ জুন), ২০২৫, আপডেট, ২১:৫০
পরমাণু চুক্তি নিয়ে আমেরিকার সঙ্গে ইরানের আলোচনার মধ্যেই দেশটিতে বড় হামলা চালাল ইসরায়েল। এই হামলার জন্য তেহরানকেই দুষছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্যমতে, পরমাণু প্রকল্প নিয়ে আলোচনায় আমেরিকার দাবি মেনে না নেওয়ায় এ হামলা হয়েছে।
ইরানকে পরমাণু চুক্তিতে রাজি হওয়ার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেছেন, দেশটিতে আরও বড় হামলা হতে পারে।
শুক্রবার (১৩ জুন) ভোররাতে ইরানের পরমাণু প্রকল্প, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় বিমান হামলা চালায় ইসরায়েল। এসব হামলায় ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামিসহ আরও বেশ কয়েকজন সামরিক ও বেসামরিক ব্যক্তি নিহত হন।
এই হামলার পর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘এরই মধ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে এবং বহু মানুষ মারা গেছেন। তবে এই হত্যা এবং আরও নৃশংস হামলার পরিকল্পনা থামাতে এখনো সময় আছে। সবকিছু শেষ হয়ে যাওয়ার আগে এবং একসময় পরিচিত ইরান সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে ইরানকে অবশ্যই একটি চুক্তি করতে হবে।’
এর আগে ট্রাম্প বলেছিলেন, শুক্রবার রাতে ইরানে ইসরায়েলের হামলার পরিকল্পনা সম্পর্কে তিনি আগে থেকেই জানতেন। তবে এই হামলায় মার্কিন সামরিক বাহিনীর কোনো ভূমিকা নেই। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভাষ্যও একই। তিনি বলেছেন, নিজেদের সুরক্ষার জন্য ইসরায়েল এককভাবে এই হামলা চালিয়েছে। তবে হামলায় আমেরিকা সহায়তা করেছে বলে অভিযোগ করেছে ইরান।
ইউডি/এবি

