আবু সাঈদ হত্যা: ১৪ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

আবু সাঈদ হত্যা: ১৪ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

উত্তরদক্ষিণ। রবিবার, ১৫ জুন, ২০২৫, আপডেট ১৫:৪০

জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৪ জুলাইয়ের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (১৫ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য বিচারক হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।


প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর এসএম মঈনুল করিম। আদালতকে তিনি বলেন, আবু সাঈদ হত্যা মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আগামী দুই সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করতে পারবো বলে আমরা আশা করছি।

সকালে এ মামলায় এএসআই আমির হোসেনসহ চারজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। অন্য আসামিরা হলেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ।

এর আগে, ৯ এপ্রিল আবু সাঈদ হত্যার ঘটনায় চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে ১৫ জুনের মধ্যে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

এছাড়া গাজীপুরের কোনাবাড়িতে কলেজছাত্র হৃদয় হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও দুই মাস সময় চাওয়া হয়েছে। হৃদয়ের মরদেহ এখনও খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রসিকিউশন। পরে ১৭ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

যাত্রাবাড়ী এলাকায় একটি হত্যা মামলায়ও পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ ও সাবেক ওসি আবুল হাসানের বিরুদ্ধেও ১৭ আগস্টের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়।

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading