অধ্যাদেশ বাতিলের দাবিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২০ জুন, ২০২৫, আপডেট ১৪:৫২
সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম ও বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।
শুক্রবার (২০ জুন) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় সরকারি চাকরি অধ্যাদেশকে কর্মচারী বিরোধী ও কালো আইন উল্লেখ করে সদ্য জারিকৃত এই আইন বাতিলের দাবি জানিয়েছেন তারা।
১৫ শতাংশ সুবিধা ভাতা প্রত্যাহারের দাবি জানিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, এই ভাতা কার্যকর হওয়ার ফলে তাদের বর্তমান ৫ শতাংশ বিশেষ প্রণোদনা বাতিল হয়ে যাবে, যা তাদের জন্য একটি ক্ষতির কারণ হবে। তারা এই সুবিধা বহাল রাখার পাশাপাশি, নতুন করে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানেরও দাবি জানান তারা।
দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা।
কর্মসূচিতে সচিবালয় ছাড়াও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা অংশ নিয়েছেন।
ইউডি/কেএস

