ইরানে মার্কিন হামলা নিয়ে জরুরি অধিবেশনে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
উত্তরদক্ষিণ। রবিবার (২২ জুন) ২০২৫, আপডেট ২২:২০
ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলা নিয়ে জরুরি অধিবেশনে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। রবিবার (২২ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় সোমবার রাত ১টায়) অধিবেশনটি শুরু হওয়ার কথা রয়েছে।
ইসরাইলি সামরিক আগ্রাসনের মধ্যে শনিবার (২১ জুন) দিবাগত রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় আমেরিকা। যা পুরো মধ্যপ্রাচ্যে সর্বাত্মক সংঘাতের ঝুঁকি তৈরি করেছে। এর মধ্যে ইরানের অনুরোধে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
এদিকেইরানে মার্কিন হামলার পর সোমবার (২৩ জুন) জরুরি বৈঠক ডেকেছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএইএ। ইরানে সৃষ্ট জরুরি পরিস্থিতির প্রেক্ষিতে এই বৈঠক ডাকা হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার প্রধান।
এদিকে ইরানের পারমাণবিক সংস্থার প্রধান মোহাম্মদ ইসলাম আইএইএ-কে চিঠি লিখে জানিয়েছেন, তেহরান চায় আমেরিকার হামলার বিষয়ে তদন্ত হোক। একইসঙ্গে তারা আইএইএ-র কাছে আমেরিকার এই হামলার নিন্দা জানানোর দাবি জানানো হয় বলেও ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
ইউডি/এবি

