ইরান থেকে বাংলাদেশিদের প্রথম দল ফিরতে পারে আগামী সপ্তাহে

ইরান থেকে বাংলাদেশিদের প্রথম দল ফিরতে পারে আগামী সপ্তাহে

উত্তরদক্ষিণ। রবিবার (২২ জুন) ২০২৫, আপডেট ২৩:১৫

ইসরায়েল ও আমেরিকার সঙ্গে সংঘাতের মধ্যে ইরানের তেহরানে থাকা বাংলাদেশিদের প্রথম দলকে আগামী সপ্তাহে ফেরানোর পরিকল্পনা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রবিবার (২২ জুন) মন্ত্রণালয়ের মুখপাত্র, জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক শাহ আসিফ রহমান এক ব্রিফিংয়ে এ তথ্য দেন।

তিনি বলেন, ইরানে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতিতে সেখানে বসবাসরত এবং দেশে ফিরতে ইচ্ছুক সকল বাংলাদেশি নাগরিকের দেশে প্রত্যাবর্তনের প্রয়োজনীয় প্রক্রিয়া বাংলাদেশ সরকার শুরু করেছে।

“ইরানের পার্শ্ববর্তী দেশসমূহের সহযোগিতায় এই প্রত্যাবর্তন প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। মন্ত্রণালয় চেষ্টা করছে যে, প্রত্যাবাসনে আগ্রহী প্রথম দলটি যাতে আগামী সপ্তাহে বাংলাদেশে পৌঁছায়।”

গত ১৩ জুন ভোররাতে ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা শুরু করে ইসরায়েল। পরে ইরানও পাল্টা হামলা চালায়।

এর মধ্যে ইরানের একটি নৌঘাঁটির কাছে রাষ্ট্রীয় টেলিভিশন ভবনসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ইসরায়েলের হামলায় বাংলাদেশি কূটনরীতিকদের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়। তাতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক আরো বাড়ে।

দুই দেশের হামলা পাল্টা হামলার মধ্যে এই আমেরিকা সরাসরি জড়িয়ে পড়ায় নতুন মাত্রা পেয়েছে এই সংঘাত। শনিবার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে আমেরিকা।

ইসরায়েল হামলা শুরুর পরপরই সেখানে অবস্থানরত বাংলাদেশিদের ফেরানোর উদ্যোগ নেয় সরকার; তাদেরকে তেহরানের বাইরে নিরাপদ আশ্রয়ে যাওয়ার কথা বলা হয়।

ইরানে থাকা প্রায় দুই হাজার বাংলাদেশির মধ্যে ৪০০ জনের মত তেহরানে রয়েছেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading