নুরুল হুদার সঙ্গে ‘মব’ : দলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেবে বিএনপি

নুরুল হুদার সঙ্গে ‘মব’ : দলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেবে বিএনপি

উত্তরদক্ষিণ। সোমবার, ২৩ জুন, ২০২৫, আপডেট ১:০০

বিএনপি ‘মব’ সংস্কৃতির বিরুদ্ধে বলে উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার সঙ্গে ‘মব’ এর ঘটনায় দলের কেউ জড়িত থাকলে তদন্ত করে ডিসিপ্লেনারি অ্যাকশন নেওয়া হবে।

সোমবার (২৩ জুন) দুপুরে বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান পাঠানো এক বার্তায় এসব কথা বলেন তিনি।

সালাহ উদ্দিন বলেন, ‘আমরা মব কালচারে বিশ্বাস করি না, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য অবিরাম সংগ্রাম করে যাচ্ছি। আমরা চাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং আদালতের রায় বাস্তবায়ন হবে, বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকবে। সুতরাং সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার বিরুদ্ধে অভিযোগ, তার গ্রেপ্তার প্রক্রিয়া এবং তার বিচার প্রক্রিয়ায় আইনগতভাবে যথাযথভাবে পরিচালিত হবে এটা আমরা প্রত্যাশা করি। তবে, তার ওপর যে অবমাননাকর ব্যবহার করা হয়েছে এটা আমরা সমর্থন করি না। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। যদি বিএনপির কোনো নেতা-কর্মী এই ঘটনায় জড়িত থাকে তদন্ত করে তার বিরুদ্ধে ডিসিপ্লেনারি অ্যাকশন (শৃঙ্খলা বিরোধী ব্যবস্থা) নেব। এটা আমাদের (বিএনপি) অবস্থান।

কোনো ব্যক্তি যতবড় অপরাধীই হোন না কেন তার আইনি এবং সাংবিধানিক অধিকার ভোগ করার অধিকার অক্ষুন্ন থাকে বলে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, যতবড় অপরাধীই হোন না কেনো তার আইনি ও সাংবিধানিক অধিকার যেন ক্ষুন্ন না হয়।

গতকাল রাতে উত্তরার বাসা থেকে সাবেক প্রধান কেএম নুরুল হুদাকে জনতা ঘেরাও করে তার গলায় জুতার মালা পরিয়ে দেয়। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

কেএম নুরুল হুদার দলীয়করণের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এবং নির্বাচনি ব্যবস্থাকে পুরোপুরি বিনষ্ট করে দেওয়ার জন্য যে কজন ব্যক্তি দায়ী তার মধ্যে নুরুল হুদা অন্যতম। শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনকে দীর্ঘায়িত করার জন্য কয়েকটি রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানকে পুরোপুরি কুলষিত এবং ধ্বংস করার জন্য আরও কয়েকজন ব্যক্তি দায়ী। যেমন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক…। তবে আমরা কখনই অপসংস্কৃতিতে বিশ্বাস করি না, আমরা মব কালচারে বিশ্বাস করি না।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading