ফের পেছাল জাকসু নির্বাচন

ফের পেছাল জাকসু নির্বাচন

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৭ জুন, ২০২৫, আপডেট ১:১০

ফের পেছাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন৷ এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো পেছাল নির্বাচনের তারিখ। এবার জুলাই গণঅভ্যুত্থানের সময় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ও মদদদাতা শিক্ষক-শিক্ষার্থীদের বিচারকার্য পূর্বনির্ধারিত রোডম্যাপ অনুযায়ী সম্পন্ন করতে না পারার কারণে নির্বাচনের তারিখ পেছানো হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত টানা ১০ ঘণ্টার জাকসু নির্বাচন সংক্রান্ত পরিবেশ পরিষদের এক সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এ কথা বলেন৷ এসময় শিক্ষার্থী এবং ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে জাকসু নির্বাচন ও বিচারকার্য সম্পন্ন করার নতুন রোডম্যাপ ঘোষণা করেন উপাচার্য।

ঘোষিত নতুন রোডম্যাপ অনুযায়ী, আগামী ৪ আগস্টের মধ্যে জুলাই হামলায় জড়িত ছাত্রলীগের সাময়িক বহিষ্কৃতদের চূড়ান্ত বিচার নিশ্চিত হবে, একই দিনে জাকসুর তফসিল ঘোষিত হবে। ৩১ আগস্ট হামলায় মদদদাতা শিক্ষকদের চূড়ান্ত বিচার নিশ্চিত হবে এবং আগামী ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানায় উপাচার্য।

এর আগে গত ৩১ মে’র মধ্যেই জাকসু নির্বাচন আয়োজনের কথা জানান উপাচার্য। তবে জাকসু গঠনতন্ত্র সংস্কার ও ছাত্র সংগঠনগুলোর বৈরিতার কারণে পিছিয়ে যায় নির্বাচন।

সর্বশেষ গত ৩০ এপ্রিল জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে ৩১ জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়৷ নির্বাচনের আগেই জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচারকার্য সম্পন্ন করার দাবি জানিয়ে আসছে ছাত্র সংগঠনগুলো, অন্যথায় নির্বাচন বর্জনেরও হুঁশিয়ারি দেয় একাধিক ছাত্রসংগঠন। দাবির প্রেক্ষিতে গত ২৯ জুনের মধ্যে উপাচার্য বিচারকাজ সম্পন্ন করার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি৷ এবার নতুন করে বিচারকার্য সম্পন্ন করে জাকসুর নির্বাচনী তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন৷

নতুন করে নির্বাচনী তারিখ ঘোষণা করায় পূর্বে গঠিত জাকসুর নির্বাচন কমিশন অকার্যকর হয়ে গেছে। ফলে নতুন করে নির্বাচন কমিশন গঠন করে পুনরায় তফসিল ঘোষণা করবে ওই কমিশন৷

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading