রংপুরের ক্রিকেট গার্ডেনের আউটফিল্ড দেখে হতাশ বিসিবি সভাপতি

রংপুরের ক্রিকেট গার্ডেনের আউটফিল্ড দেখে হতাশ বিসিবি সভাপতি

উত্তরদক্ষিণ। শনিবার, ২৮ জুন, ২০২৫, আপডেট ১৫:০০

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, রংপুরের ক্রিকেটকে এগিয়ে নিতে সবধরনের চেষ্টা করা হবে। শনিবার (২৫ জুন) সকাল ১০টায় টেস্ট মর্যাদা অর্জনের ২৫ বছর পূর্তি উপলক্ষে রংপুর ক্রিকেট গার্ডেনে দিনব্যাপী আয়োজনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় ক্রিকেট গার্ডেনের আউটফিল্ড দেখে হতাশা প্রকাশ করে বোর্ড সভাপতি বলেন, ‘ক্রিকেট মাঠের জন্য এমন আউটফিল্ড কখনোই গ্রহণযোগ্য নয়। এখানে আরও ভালো করার সুযোগ রয়েছে।’

তিনি রংপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, একাডেমি এবং আধুনিক সুযোগ-সুবিধা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। বিষয়টি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করার কথাও জানান। পাশাপাশি দক্ষ খেলোয়াড় ও কোচিং স্টাফ তৈরিতে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন ধারায় এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বুলবুল আরও বলেন, ‘ক্রিকেটকে কেন্দ্র করে তরুণদের যে স্বপ্ন ও সম্ভাবনা তৈরি হচ্ছে, তা শুধু রাজধানী নয় পৌঁছে দিতে হবে প্রতিটি অঞ্চলে। রংপুর সবসময়ই খেলোয়াড়দের পারফরম্যান্সে এগিয়ে, কিন্তু এখানে সুযোগ-সুবিধা সীমিত। এবার সমতার ভিত্তিতে কাজ করা হবে।’

তিনি জানান, আদর্শমানের খেলোয়াড় গড়তে বিসিবি গুরুত্ব দেবে প্রশিক্ষণ ও অবকাঠামো উন্নয়নে।

রংপুরের ক্রীড়াবিদ, সংগঠক ও খেলোয়াড়রা বিসিবি সভাপতির সফর ও ঘোষণাকে স্বাগত জানিয়ে তার দেয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

উৎসবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল, জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও খেলোয়াড়রা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading