সুদানে স্বর্ণের খনিতে ধস, নিহত ১১

সুদানে স্বর্ণের খনিতে ধস, নিহত ১১

উত্তরদক্ষিণ। সোমবার, ৩০ জুন, ২০২৫, আপডেট ১৫:২০

সুদানের উত্তরপূর্বাঞ্চলে ঐতিহ্যবাহী একটি স্বর্ণের খনি আংশিক ধসে ১১ জন খনি শ্রমিক নিহত এবং আরো সাতজন আহত হয়েছেন। খবর আল জাজিরার।

সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ) ও র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর মধ্যে তিন বছর ধরে চলা নৃশংস গৃহযুদ্ধের মধ্যেই দুর্ঘটনাটি ঘটেছে।

আল জাজিরা জানিয়েছে, ২০২৩ সালের এপ্রিলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উভয় পক্ষের যুদ্ধক্ষেত্রের অর্থায়ন মূলত সুদানের স্বর্ণশিল্প থেকে পরিচালিত হচ্ছে।

রবিবার প্রকাশিত এক বিবৃতিতে, সুদানিজ মিনারেল রিসোর্সেস কোম্পানি (এসএমআরসি) জানিয়েছে, হুয়াইদের প্রত্যন্ত মরুভূমি এলাকার ‘কির্শ আল-ফিল খনির স্থানীয়ভাবে খনন করা একটি সুড়ঙ্গে’ ধসের ঘটনাটি ঘটে।

এই এলাকাটি সুদানের রেড সি রাজ্যের এসএএফ নিয়ন্ত্রিত শহর আতবারা ও হাইইয়ার মাঝামাঝি।

এসএমআরসি জানিয়েছে, তারা এর আগে ওই খনির কার্যক্রম স্থগিত করেছিল এবং ‘জীবনের জন্য বড় ঝুঁকি’র কারণে এর কার্যক্রম অব্যাহত রাখার বিরুদ্ধে সতর্ক করেছিল।

সরকারি ও এনজিও কর্মকর্তারা জানিয়েছেন, এখানে প্রাপ্ত প্রায় সব স্বর্ণের ব্যবসা সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে হয়ে থাকে, দেশটি আরএসএফকে অস্ত্রের যোগান দেয় বলে অভিযোগ। আরব আমিরাত এরকম কোনো কিছু করার কথা প্রত্যাখ্যান করেছে।

গৃহযুদ্ধের কারণে ইতোমধ্যে সুদানের ভঙ্গুর অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। এসব সত্ত্বেও দেশটির সেনা-সমর্থিত সরকার ২০২৪ সালে ৬৪ টন সোনা উৎপাদনের ঘোষণা দিয়েছে।

সুদানে তিন বছর ধরে চলা গৃহযুদ্ধে প্রায় লাখো মানুষের মৃত্যু হয়েছে এবং এক কোটি ৩০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন; এটি বিশ্বের বৃহত্তম বাস্তুচ্যুতি সংকট।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading