জুলাই ঘোষণাপত্র-সনদ না দিলে সরকারের উদযাপনের এখতিয়ার নেই: নাহিদ ইসলাম

জুলাই ঘোষণাপত্র-সনদ না দিলে সরকারের উদযাপনের এখতিয়ার নেই: নাহিদ ইসলাম

উত্তরদক্ষিণ। সোমবার (৩০ জুন) ২০২৫, আপডেট ২১:০০

জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানের স্মরণে ঘোষণাপত্র ও জুলাই সনদ জাতীয় দলিল হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (৩০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘সরকার যদি এই ঘোষণাপত্র ও সনদ জারি না করে, তাহলে তাদের হাতে আর জুলাই উদযাপনের কোনও নৈতিক বা সাংবিধানিক এখতিয়ার থাকবে না।’

নাহিদ ইসলামের ভাষ্য অনুযায়ী, ‘জুলাই ঘোষণাপত্র হচ্ছে জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, শহীদ, আহত ও নেতৃত্বের অবদান, রাজনৈতিক নিরাপত্তা ও সুরক্ষা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার সংজ্ঞায়নের একটি দলিল—যা পরবর্তীকালে আইনি ও সাংবিধানিক ভিত্তি পাবে।’

তিনি জানান, ‘গত ৩১ ডিসেম্বর ছাত্রনেতৃত্ব নিজেরা ঘোষণাপত্র দেওয়ার প্রস্তুতি নিলেও সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এককভাবে দলিল প্রকাশ করতে চাইলে ছাত্রনেতারা সরে দাঁড়ায়। সরকার তখন বিভিন্ন পক্ষের কাছ থেকে খসড়া ঘোষণাপত্র সংগ্রহ করে একটি সমন্বিত দলিল প্রস্তুতের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু দুই দফা সময় দিয়েও প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয় সরকার।’

নাহিদ ইসলাম সরকারের ভূমিকার সমালোচনা করে বলেন, ‘সরকার কেন প্রতিশ্রুতি রক্ষা করলো না, কোথায় বাধা পেলো, কেন সরে দাঁড়ালো—এসব প্রশ্নের জবাব দিতে হবে। আমরা চাই সরকার রাষ্ট্রীয় উদ্যোগে এই ঘোষণাপত্র জারি করুক এবং তা সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিক।’

তিনি আরও বলেন, ‘যদি সরকার কোনও উদ্যোগ না নেয়, আমরা বসে থাকবো না। আমাদের নিজস্ব ঘোষণাপত্র আমরা প্রকাশ করবো। শহীদ পরিবারের পক্ষ থেকেই তা পাঠ করা হবে। অন্য সব পক্ষকেও আহ্বান জানাচ্ছি—আপনাদের নিজ নিজ ইশতেহার তৈরি করুন। ঐকমত্যের ভিত্তিতে আমরা একটি পূর্ণ দলিল তৈরি করতে পারলে সরকারকে তা মানতে বাধ্য করানো যাবে।’

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading