নির্বাচিত সরকারের সঙ্গে আরও গভীরভাবে কাজ করার ‘অপেক্ষায়’ চীন: ফখরুল
উত্তরদক্ষিণ। সোমবার (৩০ জুন) ২০২৫, আপডেট ২২:২০
বাংলাদেশে নির্বাচিত সরকারের সঙ্গে চীন আরও গভীরভাবে কাজ করার ‘অপেক্ষায় আছে’ বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পাঁচ দিনের চীন সফর শেষে দেশে ফেরার পরে সোমবার (৩০ জুন) বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি সেখানে চীনের কর্মর্তাদের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকের অভিজ্ঞতা তুলে ধরেন।
তিনি বলেন, “চীন আশা প্রকাশ করেছে যে নির্বাচিত সরকার এলে আরও গভীর দৃঢ়তার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, প্রেমের সঙ্গে কাজ করবে।”
মির্জা ফখরুল বলেন, “এক চীন নীতির প্রতি বিএনপি তার দৃঢ় অবস্থানের কথা জানিয়েছে। সার্বিকভাবে এই সফরের মাধ্যমে আমরা এই দুই ভ্রাতৃপ্রতিম দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উন্নততর, আরও ঘনিষ্ঠতর করার সুযোগ পেয়েছি যা আগামীতে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী।”
বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরাতে চীনের মনোভাব কী, জানতে চাইলে বিএনপি মহাসচিব সোজাসাপটা জবাব দেন, “অত্যন্ত ইতিবাচক দেখেছি। তারা নির্বাচিত সরকারের সাথে কাজ করার আগ্রহের কথা বলেছে।”
তিনি বলেন, “চীনের আগ্রহ যথেষ্ট রয়েছে যে, আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রাখি।”
ইউডি/এবি

