জাপানকে ৩৫ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

জাপানকে ৩৫ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

উত্তরদক্ষিণ। বুধবার, ০২ জুলাই, ২০২৫, আপডেট ১৫:৫০

আগামী সপ্তাহের নির্ধারিত সময়সীমার মধ্যে আমেরিকার সঙ্গে জাপান নতুন বাণিজ্য চুক্তিতে না পৌঁছালে, দেশটির ওপর ‘৩০ বা ৩৫ শতাংশ’ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, গত ২ এপ্রিল ট্রাম্প ‘লিবারেশন ডে’-এর অংশ হিসেবে জাপানের ওপর যে ২৪ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন, এবার তার চেয়ে আরো অনেক বেশি শুল্প আরোপের হুমকি দিয়েছেন। গত ২ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর উচ্চ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প।

তবে কিছুদিন পরেই বেশিরভাগ বাণিজ্য অংশীদারদের ওপর ঘোষিত ওই উচ্চ শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেন ট্রাম্প, যাতে ওয়াশিংটনের সঙ্গে তারা চুক্তি নিয়ে আলোচনা করার জন্য সময় পায়।

সেই বিরতি ৯ জুলাই শেষ হওয়ার কথা এবং ট্রাম্প বলেছেন, তিনি সময়সীমা বাড়ানোর কথা ভাবছেন না।

টোকিওর সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব কিনা সে বিষয়েও ট্রাম্প সন্দেহ প্রকাশ করে চলেছেন।

মঙ্গলবার (১ জুলাই) এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমরা জাপানের সঙ্গে আলোচনা করেছি। আমি নিশ্চিত নই যে, আমরা কোনো চুক্তি করতে যাচ্ছি। আমার সন্দেহ আছে।”

ট্রাম্পের শুল্ক বৃদ্ধির হুমকির বিষয়ে জাপান কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

বুধবার (২ জুলাই) জাপানের ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারি কাজুহিকো আওকি এক সংবাদ সম্মেলনে বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প কী বলেছেন তা আমরা জানি, কিন্তু মার্কিন সরকারি কর্মকর্তাদের প্রতিটি মন্তব্যের ওপর আমরা মন্তব্য করি না।”

অন্যান্য অনেক দেশের মতো, জাপানের বেশিরভাগ রপ্তানি বর্তমানে মার্কিন আমেরিকার ১০ শতাংশ শুল্কের সম্মুখীন। জাপানি যানবাহন এবং যন্ত্রাংশের ওপর ২৫ শতাংশ কর রয়েছে। অন্যদিকে ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়।

এর আগে মঙ্গলবার জাপানের প্রধান ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি বলেছিলেন যে, ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করার জন্য তিনি এমন কোনো ছাড় দেবেন না যা তার দেশের কৃষকদের ক্ষতি করতে পারে।

ট্রাম্পের অভিযোগ, আমেরিকা থেকে পর্যাপ্ত পরিমাণ চাল কিনছে না জাপান। গত সোমবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে একটি পোস্টে বলেছিলেন, “জাপানের প্রতি আমার প্রচুর শ্রদ্ধা আছে। কিন্তু তারা আমাদের চাল নেয় না, যদিও তাদের ব্যাপক চালের ঘাটতি রয়েছে।”

তারই ধারাবাহিকতায় এবার আগামী সপ্তাহের নির্ধারিত সময়সীমার আমেরিকার সঙ্গে চুক্তিতে না পৌঁছালে জাপানের ওপর ‘৩০ বা ৩৫ শতাংশ’ শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading