চট্টগ্রাম কাস্টম হাউসে রাজস্ব আদায়ের রেকর্ড

চট্টগ্রাম কাস্টম হাউসে রাজস্ব আদায়ের রেকর্ড

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, আপডেট ০৯:২০

চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি-রপ্তানি হওয়া পণ্যের শুল্কায়ন করে চট্টগ্রাম কাস্টম হাউস। দেশের প্রধান সমুদ্র বন্দরকে কেন্দ্র করে গড়ে উঠা এই শুল্ক স্টেশনটি এককভাবে দেশের সবচেয়ে বড় শুল্ক পয়েন্ট। প্রতি কর্মদিবসে গড়ে ২০০ কোটি টাকা রাজস্ব আদায় করে এটি। চট্টগ্রাম কাস্টম হাউস নামের সেই শুল্ক পয়েন্টটি এবারে ভেঙেছে অতীতের সব রেকর্ড। সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে তারা রাজস্ব আদায় করেছে ৭৫ হাজার ৪৩২ কোটি টাকা। আগের অর্থবছরে এ অঙ্ক ছিল ৬৮ হাজার ৭৫৫ দশমিক ৭ কোটি টাকা। এই হিসেবে এক অর্থবছরে রাজস্ব আদায় বেড়েছে ৬ হাজার ৬৭৬ দশমিক ৩ কোটি টাকা। শতাংশের হিসেবে যা ৯ দশমিক ৭১।

প্রসঙ্গত, চট্টগ্রাম সমুদ্রবন্দরও ২০২৪-২৫ অর্থবছরে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়েছে। বছরজুড়ে বন্দরে মোট ৩২ লাখ ৯৬ হাজার ৬৭ টিইইউস (২০ ফুট দৈর্ঘ্যের সমতুল্য ইউনিট) কনটেইনার হ্যান্ডেল করেছে তারা। এটি আগের অর্থবছরের তুলনায় ১ লাখ ২৭ হাজার ৩৭৭ টিইইউস বেশি। আগের বছর হ্যান্ডলিং হয়েছিল ৩১ লাখ ৬৮ হাজার ৬৯০ টিইইউ। এখানে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৪ শতাংশ। ১৯৭৭ সালে চট্টগ্রাম বন্দরে কনটেইনার অপারেশন শুরুর পর থেকে এটিই সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড।

চট্টগ্রাম কাস্টম হাউজের মুখপাত্র ও ডেপুটি কমিশনার সাইদুল ইসলাম বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলন, ঈদ উপলক্ষে টানা ছুটি, পরিবহন ধর্মঘট ও এনবিআর কর্মকর্তাদের একাধিক ধাপের কর্মবিরতি ও কলমবিরতি কর্মসূচির পরও অতীতের সব রেকর্ড ভেঙেছে চট্টগ্রাম কাস্টম হাউস। এটির জন্য সব স্টেকহোল্ডারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

তিনি জানান, রাজস্ব আদায়ে চট্টগ্রাম কাস্টম হাউসের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৮০ হাজার ৪০২ কোটি টাকা। সেই তুলনায় ৪ হাজার ৯৭০ কোটি টাকা পিছিয়ে আছি আমরা। তবে রাজস্ব আদায়ের সার্বিক চিত্র ইতিবাচক। ২০২২-২৩ অর্থবছরে এই কাস্টম হাউস রাজস্ব আদায় করেছিল ৬২ হাজার ৬৫৮ কোটি টাকা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading