ফেনীর ইতিহাসে রেকর্ড বৃষ্টিপাত, চলবে বুধবারও
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (৮ জুলাই) ২০২৫, আপডেট ২৩:১৫
গত এক দিনে সারাদেশে কম-বেশি বৃষ্টিপাত হলেও ফেনীর ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যার নিয়মিত বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জেলায় গেল ২৪ ঘণ্টায় ৪৪০ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ করা হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, “ফেনীর ইতিহাসে ২৪ ঘণ্টায় এটি রেকর্ড বৃষ্টিপাত। সেই সঙ্গে এই মৌসুমে ২৪ ঘণ্টায় দেশেরও সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড এটি।”
প্রবল বৃষ্টিপাতে জেলাটির বিভিন্ন অঞ্চল এরইমধ্যে পানিতে ডুবে গেছে। তলিয়ে গেছে রাস্তাঘাট ও গুরুত্বপূর্ণ স্থাপনা। গেল বছর ফেনীতে ভয়াবহ বন্যা হয়েছিল; যাতে বিপুল পরিমাণ ফসল ও গবাদিপশুর ক্ষয়ক্ষতি হয়। প্রাণ হারান অনেক মানুষ।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, আগামী ১২ ঘণ্টা ফেনী জেলার মুহুরি ও সেলোনিয়া নদীসমূহের পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নদীগুলোর নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে।
ফেনী ছাড়াও মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় উপকূলীয় জেলা পটুয়াখালীতে ২৪৮ মিলিমিটার, লক্ষ্মীপুরের রামগতিতে ২২৫, নোয়াখালীর মাইজদীকোর্টে ১৮৯ মিলিমিটার, সন্দীপে ১৬৬, ভোলায় ১৫৪ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ করেছে আবহাওয়া অধিদপ্তর।
এই সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে ২৩ ডিগ্রি সেলসিয়াস। আর, সর্বোচ্চ তাপমাত্রা ছিল নীলফামারীর ডিমলায়; ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
ইউডি/এবি

