ইসরায়েলের সমালোচনা করায় জাতিসংঘ বিশেষজ্ঞের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১০ জুলাই), ২০২৫, আপডেট, ২০:৫০
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জাতিসংঘের বিশেষজ্ঞ ফ্রানচেস্কা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। গাজায় ইসরায়েলের যুদ্ধ চলাকালীন প্যালেস্টাইনিদের ওপর নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে প্রতিবেদন দেওয়ায় তার ওপর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।
বুধবার (৯ জুলাই) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
রুবিও’র অভিযোগ, আলবানিজ ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধ পরিচালনা করছেন।’
আলবানিজ জাতিসংঘে ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক বিশেষ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক পর্যায়ে অন্যতম সমালোচক। এ কারণে ইসরায়েল এবং তার সমর্থকরা দীর্ঘদিন ধরে আলবানিজকে অপসারণের আহ্বান জানিয়ে আসছে। তাকে নিয়মিতভাবে তীব্র সমালোচনার মুখে ফেলছে।
সম্প্রতি আলবানিজ গাজায় ইসরায়েলের গণহত্যা নিয়ে নতুন প্রতিবেদন প্রকাশ করেন। এতে এমন অনেক প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে, যেগুলো ফিলিস্তিনের জনগণকে বাস্তুচ্যুত করা ও গাজায় চলমান গণহত্যায় ইসরায়েলকে সহায়তা করছে। তাদের এ কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল।
আল জাজিরা যোগাযোগ করলে আলবানিজ আমেরিকার এই নিষেধাজ্ঞাকে তুচ্ছ বলে প্রত্যাখ্যান করেন। জানান, তিনি তার কাজ চালিয়ে যেতে আগ্রহী।
ইউডি/এবি

