কিশোরগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, আপডেট ১৪:৩০

কিশোরগঞ্জের করিমগঞ্জে ব্যবসায়ী সৈয়দ আলী হত্যা মামলায় ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেন আদালত।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ নূরুল আমিন বিপ্লব এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সাত আসামি আদালতে উপস্থিত থাকলেও বাকি ছয়জন পলাতক ছিলেন।

কিশোরগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জালাল উদ্দিন এ বিষয়েটি নিশ্চিত করেছেন।

নিহত সৈয়দ আলী করিমগঞ্জ উপজেলার দেওপুর (কজলাহাটি) গ্রামের সুন্দর আলীর ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, সীমানা নিয়ে পূর্ব বিরোধের জেরে ২০১৬ সালের ২৩ মার্চ নিয়ামতপুর বাসট্যান্ড বাজারে ফার্মেসি থেকে ওষুধ আনতে গেলে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে সৈয়দ আলীর ওপর হামলা করেন।

তাকে উদ্ধার করে প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সৈয়দ আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন থেকে ২৯ মার্চ তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২৫ মার্চ নিহতের বড় বোন পারভীন সুলতানা বাদী হয়ে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু করেন। করিমগঞ্জ থানার তৎকালিন উপপুলিশ পরিদর্শক মো. শহর আলী ওই বছরের ২১ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত আজ এ রায় দিলেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading