গাজীপুর-নারায়ণগঞ্জ থেকে দলে দলে আসছেন নেতাকর্মীরা
উত্তরদক্ষিণ। শনিবার, ১৯ জুলাই, ২০২৫, আপডেট ১২:৫৫
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ হচ্ছে আজ। শনিবার দুপুর ২টায় শুরু হবে সমাবেশ। এর আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশস্থলে যোগ দিচ্ছেন দলটির নেতাকর্মীরা।
বিশেষ করে গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে হাজার হাজার নেতাকর্মী এরইমধ্যে যোগ দিয়েছেন সমাবেশে। ব্যানার-ফেস্টুন সঙ্গে নিয়ে স্লোগান দিতে দিতে নেতাকর্মীরা প্রবেশ করছেন সমাবেশস্থলে।
শনিবার দুপুরের দিকে এই দুই জেলার বিভিন্ন এলাকা থেকে সংগঠিতভাবে নেতাকর্মীরা বাস, পিকআপ ও ব্যক্তিগত যানবাহনে করে সমাবেশস্থলের দিকে রওয়ানা দেন। এরপর বেলা ১১টার পর থেকে দলে দলে আসতে থাকেন সমাবেশস্থলে।
এদিকে, উদ্যান ছাড়িয়ে চারপাশের সড়ক পর্যন্ত বিস্তৃত নেতাকর্মীদের উপস্থিতি। রাজধানীর রমনা পার্কেও অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। কেউ আড্ডা দিচ্ছেন কেউবা ভ্যাপসা গরমের মাঝেও শুয়ে বিশ্রামও নিচ্ছেন।
প্রসঙ্গত, সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির দাবিগুলোর মধ্যে রয়েছে- অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও এক কোটিরও বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ।
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে দলটি।
ইউডি/কেএস

